পণ্ডিত স্বপন চৌধুরী। তবলাবাদক। তবলা শেখার শুরুটা হয়েছিল পাঁচ বছর বয়সে। লক্ষৌ ঘরানার শিল্পী হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে গতকাল শনিবার তবলা বাজান তিনি। তার আগে ঢাকার একটি হোটেলে নিজের কক্ষে প্রথম আলোকে এই সাক্ষাৎকার দেন।

এলেম আমার দেশে...
আমার পূর্বপুরুষ এই বাংলাদেশের মানুষ, খুলনার সাহস গ্রামে আমাদের বাড়ি। আমার বংশের অনেকেই এখনো সেখানে আছেন। ১৯৯৪ সালে এক অনুষ্ঠানে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে প্রথম বাংলাদেশে এসেছিলাম। আমার জন্য সেটা আসলেই অনন্য এক অভিজ্ঞতা!
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব...
গত বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবেও আমন্ত্রিত হয়েছিলাম আমি। তখন আসতে পারিনি। তবে এবার উৎসবের আমন্ত্রণ পাওয়ার পর আমার সহকর্মীরা বললেন, ওখানে দারুণ এক উৎসব হয়। শ্রোতারাও খুব মন দিয়ে উপভোগ করেন—উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে এত ভালো শ্রোতা! আপনি যান, আপনার ভালো লাগবে। তাই চলে এলাম।
পেশাদার শিল্পী...
আমার পরিবারের অধিকাংশই চিকিৎসক। কিন্তু আমি পড়লাম অর্থনীতি বিষয়ে। ভেবেছিলাম শিক্ষকতা করব। কিন্তু নিয়তি আমায় এখানে নিয়ে এসেছে। ১৯৬৯ সালের ১৩ ডিসেম্বর এক অনুষ্ঠানে ওস্তাদ আলী আকবর খানের সঙ্গে তবলা সংগত করার সুযোগ পেলাম। এরপরই ভাগ্য খুলে গেল—চারদিকে ছড়িয়ে পড়ল আমার নাম। তারপর তবলাতেই সঁপেছি মনপ্রাণ।
তবলা ও তবলাবাদক...
তবলাকে সব সময় অনুষ্ঠানের সহযোগী বাদ্যযন্ত্র হিসেবে দেখেছি। কোনো এক অনুষ্ঠানে একজন সংগীত পরিবেশন করবেন এবং তাঁর সঙ্গে যিনি তবলা সংগত করবেন, তিনি হলেন সহযোগী—একসময় আমাদের ভাবনা ছিল এমন। ফলে গায়ক ও তবলাবাদকের অবস্থানের মধ্যে দীর্ঘদিন একটা ফারাক থেকে গেছে। এখন কিন্তু চিত্রটা পাল্টেছে—বাণিজ্যিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র—আজ সব জায়গায় তবলার আওয়াজ শুনতে পাবেন।
বাংলাদেশের নামে...
আজ পশ্চিম বাংলায় সংগীত-কবিতা-নাটক-ক্যামেরা বিষয়ে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, কোনো না কোনোভাবে তাঁরা বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট। সংগীতের ক্ষেত্রে এ দেশ খনি।