‘তমসা’র সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক সরণির মহিলা সমিতিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রব উঠেছিল ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে’, ‘রাজাকারদের ফাঁসি চাই’। মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি সেনাবাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামসের অবস্থানের বিরুদ্ধে এই উচ্চারণ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেখানে মঞ্চস্থ হয় নাটকের দল নাটুকের নাটক তমসার ৫০তম প্রদর্শনী। বক্তব্যধর্মী এই নাটকের প্রতিটি মুহূর্তে উঠে আসে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের ভূমিকা, মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে ক্ষমতাশীনদের দাপট, পুনরায় মুক্তিযুদ্ধবিরোধীদের রাষ্ট্রের ক্ষমতায় আসা এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির আকাঙ্ক্ষা।নাটকে অভিনেতার মুখ দিয়ে ভেসে আসে নিজামীর কণ্ঠস্বর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী হিসেবে আখ্যায়িত করে একাত্তর সালে বলেছিলেন, ‘পাকিস্তানি জনগণ ও পাকিস্তানি সেনাবাহিনীকে আল্লাহ পাক দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করেছেন।’নাটকের শেষ দিকে একজন মুক্তিযোদ্ধার আক্ষেপভরা কণ্ঠস্বর, ‘যুদ্ধ করেছি, অপরাধ করেছি। দেশ আজ কোন পরিণতির দিকে? এমন দেশ তো চাইনি। জানি না, মুক্তিযুদ্ধ করেছি বলে একদিন জাতির কাছে ক্ষমাও চাইতে হতে পারে।’আর তাই নাটক শেষে দর্শকেরা হয়ে ওঠেন বিপ্লবী। স্লোগান তোলেন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে।গতকাল নাটুকে পালন করে তাদের চতুর্থ জন্মদিন। এই উপলক্ষে নাট্যাঙ্গনে অবদানের জন্য প্রদান করে ‘অধ্যাপক সাঈদ আহমেদ স্মৃতি পদক ২০১০’। প্রথমবারের মতো এই পদক পান ফেরদৌসী মজুমদার ও ম হামিদ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক সাঈদ আহমেদের স্ত্রী পারভীন আহমেদ, শুভাগত চৌধুরী, সাঈদ মিল্কী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটুকের প্রধান আল নোমান। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠানটির। কিন্তু বিদ্যুৎ না থাকায় সাতটার পর জেনারেটরের মৃদু আলোয় মাইক্রোফোন ছাড়াই শুরু হলো আয়োজন। গরমে অতিষ্ঠ অনেক দর্শকই বের হয়ে গেলেন মিলনায়তন থেকে। সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ আসার পর ধীরে ধীরে ভরে ওঠে মিলনায়তন। তমসা নাটকটিতে অভিনয় করেন আল নোমান, নিথর মাহবুব, মাহবুবুর রহমান প্রমুখ । আজ শেষ হচ্ছে মুক্তিযুদ্ধের নাট্যোৎসবজহির রায়হানের গল্প অবলম্বনে মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় থিয়েটার আর্ট ইউনিটের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সময়ের প্রয়োজনে-এর ৫০তম প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের আজ শেষ দিন। আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মঞ্চে প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ঘুম নেই। নাসির উদ্দীন ইউসুফের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। রাত নয়টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপনী ঘোষণা করা হবে। ১০টি মুক্তিযুদ্ধের নাটক নিয়ে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল এ উৎসব।বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’নজরুলগীতি ও আধুনিক গানের পসরা নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন আজ বুধবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করেছে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী সুমনা বর্ধন ও রেজওয়ানুল হক।