'তরুণদের উদ্বুদ্ধ করতে কর্মসূচি হাতে নেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম কুদ্দুছ
গোলাম কুদ্দুছ

সম্প্রতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হয়েছেন গোলাম কুদ্দুছ। দীর্ঘদিন থেকেই এ সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নিয়ে পরিকল্পনা...
সম্মিলিত সাংস্কৃতিক জোট যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল-সাম্প্রদায়িকতামুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে-প্রাথমিকভাবে সেই উদ্দেশ্যে কাজ করতে চাই আমরা। জোট মূলত দুই পরিসরে কাজ করে-শিল্পের ভুবনে ও রাজপথের আন্দোলনে। আমরা যেমন বিভিন্ন উৎসবসহ অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাংলা সংস্কৃতিতে অবদান রাখতে চাই, তেমনি মানবিকতা আক্রান্ত হলে মানবিক সমাজ নির্মাণের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেও দাঁড়াতে চাই। তবে কথা হলো, আমরা শুধু স্লোগান দিচ্ছি তা নয়, আমাদের স্লোগানের মধ্যেও থাকছে কবিতা ও গান।
অনেকে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রম কেবল কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ...
কথাটি আংশিক সত্য। আসলে সম্মিলিত সাংস্কৃতিক এমন একটি প্ল্যাটফরম, যেখান থেকে নানাভাবে বাংলা সংস্কৃতির চর্চা হয়। তবে আমরা শুধু অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান করতে চাই না; প্রতিটি অনুষ্ঠানের পেছনে আমাদের একটি উদ্দেশ্য থাকে-মুক্তিযুদ্ধ ও বাঙালিত্বের উজ্জীবন। যেমন রায়েরবাজার বধ্যভূমিতে যখন স্মৃতিসৌধ নির্মিত হয়নি, সেই সময় আমরা এখানে বিজু উৎসব করেছি। ওই অনুষ্ঠানেই শহীদ আলীম চৌধুরীর মেয়ে নিপা বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছিলেন।

দেশের অনেক স্থানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ রয়েছে। বলা যায় কার্যক্রমগুলো দিবসনির্ভর...
হ্যাঁ, বিষয়টি ঠিক। সারা দেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রম জোরদার করার জন্য ইতিমধ্যেই সাংস্কৃতিক জোটে আমরা কাঠামোগত পরিবর্তন এনেছি। এক মাসের মধ্যেই আমরা জাতীয় সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী সাংস্কৃতিক তৎপরতা শুরু করব। এ ছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা রয়েছে আমাদের৷