'তরুণদের বিপুল অংশগ্রহণে মুগ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশিকী চক্রবর্তী
কৌশিকী চক্রবর্তী

কৌশিকী চক্রবর্তী। উচ্চাঙ্গসংগীতের মেধাবী শিল্পী। সংগীতে হাতেখড়ি মা চন্দনা চক্রবর্তীর কাছে। এসআরএ বৃত্তি নিয়ে ১৯৯২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে তালিম নেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। নতুন প্রজন্মের মাঝে উচ্চাঙ্গসংগীতকে জনপ্রিয় করার ব্যাপারে তাঁর কিছুটা ভূমিকা রয়েছে। গতকাল সংগীত পরিবেশনের আগে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
গত বছরের আর এবারের উৎসবের মধ্যে পার্থক্য...
পার্থক্য বিস্তর। নানা কারণে গত বছর উৎসবে আসা থেকে যাঁরা বঞ্চিত হয়েছেন, এবার তাঁরা অনেক আগে থেকে উৎসবে আসার প্রস্তুতি নিয়েছেন। বাংলাদেশের মানুষ দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করেছেন—কখন আবার উচ্চাঙ্গসংগীতের এই উৎসব হবে, তাঁরা যোগ দেবেন; এটা কিন্তু বিরাট এক পার্থক্য।
তারুণ্যের জয়জয়কার...
গতবারের উৎসবে দেখেছি প্রচুর তরুণ শ্রোতা রাত জেগে বিভিন্ন পরিবেশনা উপভোগ করছেন। উচ্চাঙ্গসংগীতের উৎসবে তরুণদের বিপুল অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ। উচ্চাঙ্গসংগীত সম্পর্কে অনেক দিন ধরেই ধারণা এমন—এটা চল্লিশোর্ধ মানুষের সংগীত, এই সংগীতে মজতে হলে বিশেষ শিক্ষার দরকার হয়। এটা ভুল ধারণা। আমি কি কেবল চল্লিশোর্ধ মানুষের জন্য গান করব, আমার প্রজন্মের মানুষেরা আমার গান শুনবে না? হ্যাঁ, প্রবীণদের অবশ্যই আমি গান শোনাতে চাই। তবে আমার প্রজন্মকেও তো শোনাতে হবে।
আমার ভাবনায় উচ্চাঙ্গসংগীত...
উচ্চাঙ্গসংগীত সবার জন্য। উচ্চাঙ্গসংগীত আমার ধ্যান-জ্ঞান। তবে আমি মনে করি না, এ ধারার সংগীত করলে দরজা-জানালা সবকিছু বন্ধ করে দিতে হবে। বরং উচ্চাঙ্গসংগীতের মৌলিকত্ব ঠিক রেখে শিল্পীর গায়কির মধ্যে তার সময়কে ধারণ করা যেতে পারে। আর এটা যথাযথ সম্ভব হলে তরুণেরা এ সংগীতের প্রতি আরও আকৃষ্ট হবেন।
সাধনা না তারকাখ্যাতি?

সংগীতের সঙ্গে সাধনার একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু আমরা এখন সাধনার চেয়ে তারকাখ্যাতিকে বেশি মূল্য দিচ্ছি। আমাদের প্রজন্মের মধ্যে এই প্রবণতা খুব বেশি। আমি কিন্তু ‘তারকা’ শব্দে বিশ্বাসী নই। আসলে সাধনা করতে করতে যাঁরা উঁচু স্তরে পৌঁছে যান, আমার কাছে তাঁরা ‘তারকা’ নন, ‘লিজেন্ড’।
 সাক্ষাৎকার নিয়েছেন: আলতাফ শাহনেওয়াজ, ছবি তুলেছেন খালেদ সরকার