'তাঁকে অনুসরণ করলে স্মরণীয় হওয়া যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলবুল আহমেদের স্মরণ সভায় আলোচকেরা
বুলবুল আহমেদের স্মরণ সভায় আলোচকেরা

‘বুলবুল আহমেদ আমার বন্ধু ছিল। বয়সে দুই এক বছরের ছোটই হবে। ভেবে খারাপ লাগে যে ছ’বছর হলো সে চলে গেছে অথচ আমি এখনো জীবিত। এটা মেনে নেওয়া যায় না। তারপরেও ভালো লাগা যে অভিনয়টা করতে পারছি।’ অভিনেতা বুলবুল আহমেদের স্মরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন তাঁর সহকর্মী ও বন্ধু নাট্যজন আতাউর রহমান।

গতকাল ছিল বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে তাঁকে স্মরণের আয়োজন করে ‘স্বপ্নলোক’। বুলবুলকে স্মরণ করতে বেলা ১২টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে হাজির হন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা। ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী ডেইজী আহমেদ।
আতাউর রহমান বলেন, ‘তিনি সুপুরুষ ও রসজ্ঞ ব্যক্তি ছিলেন। আমরা তাঁকে ঈর্ষাই করতাম। কথা বলতে ভয় হতো, কিছু বললেই কথায় ল্যাং মেরে দেবেন। উপন্যাস হিসেবে “দেবদাস” আমার প্রিয় ছিল না। কিন্তু বুলবুল অভিনীত “দেবদাস” দেখে মুগ্ধ হয়েছি।’ বুলবুল আহমেদের স্মরণের এই আয়োজনকে উদযাপন উল্লেখ করে আতাউর রহমান বলেন, ‘তারকার মৃত্যু হয়, অভিনেতা অমর। তিনি অভিনেতা ছিলেন।’
চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘বুলবুল ভাইকে অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। নতুন প্রজন্ম তাঁকে অনুসরণ করলে, অনুকরণ করলে তাঁদেরকেও লোকে স্মরণ করবে।’ অভিনেতা, নির্দেশক ও পরিচালক বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন স্ত্রী ডেইজি আহমেদ। আফসোস করে বলেন, ‘নতুনেরা তাঁকে খুব একটা স্মরণ করে না। আমি সারা জীবন তাঁকে সহযোগিতা করার চেষ্টা করে গেছি।’
বুলবুল আহমেদ স্মরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, নির্মাতা গাজী রাকায়েত, চয়নিকা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বড় পর্দায় দেখানো হয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নেওয়া বুলবুল আহমেদের একটি সাক্ষাৎকার। এ ছাড়া নির্মাতা চাষী নজরুল ইসলাম ও বুলবুল আহমেদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটি নীরবতাও পালন করেন অতিথিরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্মরণ অনুষ্ঠানের আয়োজক ‘স্বপ্নলোক’-এর সভাপতি ফিরোজ খান।