‘তাঁকে বাঁচিয়ে রাখতে পারলাম না’
এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন মিশুক মুনীর। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন। শুরুটা হয়েছিল একুশে টিভিতে। একসময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক। দেশে এবং দেশের বাইরের চলচ্চিত্রেও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। তারেক মাসুদের নতুন ছবি কাগজের ফুল-এর প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি। গতকাল মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত হন বরেণ্য এই চিত্রগ্রাহক। তাঁর হাত ধরে একদিন যারা টিভি সাংবাদিকতা শুরু করেছিলেন, আজ তাঁরা সবাই প্রতিষ্ঠিত। তাঁদের একজন এটিএন বাংলার বার্তা সম্পাদক জ ই মামুন। তিনি বললেন, ‘আজকের জ ই মামুন এই মিশুক মুনীরেরই অবদান। তাঁর মতো একজন মানুষকে আমরা বাংলাদেশে বাঁচিয়ে রাখতে পারলাম না।’এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা বললেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, তখন তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়। একুশে টিভিতে কাজ করতে এসে এই পরিচয়টা আরও গভীর হয়। এবার এটিএন নিউজে ওনার সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা।’