
নিমা রহমান । অভিনয়শিল্পী। পরিচালনাও করছেন। আজ দুপুরে চ্যানেল আইতে প্রচারিত হবে তাঁর পরিচালনায় টেলিছবি মিসেস ফাল্গুনী। নাটকটিতে তিনি অভিনয়ও করেছেন।
আজ আপনার পরিচালিত ‘মিসেস ফাল্গুনী’ টেলিছবি দেখানো হবে।
অভিনয়ের ফাঁকে আমি পরিচালনা করি। মিসেস ফাল্গুনীর আগে আরও পরিচালনা করেছি। নাটক ছাড়াও রান্না এবং সৌন্দর্যবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেছি।
আপনার অভিনয়ের খবর কী?
মিসেস ফাল্গুনীতে তারিক আনাম খান, মৌসুমী নাগ, ইউসুফ রাসেলের সঙ্গে অভিনয় করলাম। এ ছাড়া গাজী টিভিতে আমার অভিনীত শোধ নামে একটা ধারাবাহিক প্রচারিত হচ্ছে। ঈদের জন্যও কয়েকটি নাটকের কাজ করছি।
ঈদের নাটকের অভিজ্ঞতা কেমন?
দীপঙ্কর দীপনের প্রতিদিন শনিবার নাটকের শুটিং করতে গিয়েছিলাম দৌলতদিয়া পতিতাপল্লিতে। সেখানে আমরা টানা তিন দিন কাজ করেছি। ওঁদের সঙ্গে মিশেছি। ওঁদের পরিবেশ এবং স্বাস্থ্যব্যবস্থা মানবেতর। টয়লেট নেই। রান্নার পরিবেশ ভালো না। ফেরার পর থেকেই মনে হচ্ছে ওখানে যাঁরা আছেন, তাঁদের জন্য কিছু করা দরকার।
চলচ্চিত্রে নাকি অভিনয় করছেন?
তন্ময় তানসেনের পদ্ম পাতায় জল চলচ্চিত্রে অভিনয় করছি। এর আগে ১৯৯৬ সালে অপর্ণা সেনের ছবি যুগান্ততে অভিনয় করেছিলাম। ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা করার ইচ্ছা আছে।
এবার আপনার পরিবার নিয়ে বলুন।
আমাদের ছেলে আরিক আনাম অভিনয় শুরু করেছে। মঞ্চ ও টেলিভিশন দুই জায়গাতেই কাজ করছে। এ ছাড়া আমি আর তারিক আনাম খান (স্বামী) এখনো নিয়মিত অভিনয় করছি। আমরা সবাই খুব ব্যস্ত। রাত ছাড়া সবার একসঙ্গে দেখা হচ্ছে না।
হাসান ইমাম