‘তার আলো, তার ছায়া’ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারির আয়োজনে আজ মঙ্গলবার থেকে বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের ব্যক্তিগত সংগ্রহের ড্রয়িং প্রদর্শনী শুরু হচ্ছে। সন্ধ্যা ছয়টায় বেঙ্গল গ্যালারিতে ‘তার আলো, তার ছায়া’ শীর্ষক আট দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী।প্রদর্শনী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, আলোকচিত্রী নাসির আলী মামুন এবং বেঙ্গল পরিচালক সুবীর চৌধুরী ও বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান বক্তব্য দেন। প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ১০১টি। প্রদর্শনী ২৫ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, পরিতোষ সেন, শামসুর রাহমান, হুমায়ুন আহমেদ, মৃণাল সেন, যোগেন চৌধুরী, গণেশ পাইনসহ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পী, কবি ও লেখকদের আঁকা চিত্রকর্মসমূহ প্রদর্শিত হবে। প্রদর্শনীর সব শিল্পকর্ম আলোকচিত্রী নাসির আলী মামুনের ব্যক্তিগত সংগ্রহের। শুদ্ধ সংগীত উৎসবশুদ্ধ সংগীতের দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করছে ছায়ানট। ২০ ও ২১ ডিসেম্বর এই উৎসব হবে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে।গতকাল সোমবার উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শিল্পী অনুপ বড়ুয়া, অসিত কুমার দে ও খায়রুল আনাম শাকিল। তাঁরা জানান, সংগীতপিপাসুদের সঙ্গে শুদ্ধ সংগীতের পরিচয় নিবিড় করে তুলতে এবং সংগীতশিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ২০০৭ সাল থেকে ছায়ানট শুদ্ধ সংগীত উৎসব করে আসছে।এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সেতারশিল্পী পণ্ডিত ররিশঙ্করের স্মৃতির প্রতি। উৎসবের উদ্বোধন করবেন ছায়নট সংগীত বিদ্যায়তনের দীর্ঘ দিনের শিক্ষক সংগীতজ্ঞ মদনগোপাল দাশ।দুই দিনের এই উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার গুণী শিল্পীরা কণ্ঠসংগীত ও বাদন পরিবেশন করবেন। এ ছাড়া ভারতের বীণাবাদক ওস্তাদ বাহাউদ্দিন ডাগর ও কণ্ঠশিল্পী অর্ণব চ্যাটার্জি উৎসবে অংশ নেবেন।মুক্তিযুদ্ধবিষয়ক কাব্যগ্রন্থের প্রকাশনা বিজয় দিবসে প্রকাশিত হলো মুক্তিযুদ্ধ নিয়ে কবি মাশুক চৌধুরীর কবিতার বই মুক্তিযুদ্ধে প্রিয়তমা আমার।গত রোববার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এর প্রকাশনা অনুষ্ঠানে কবি মাশুক চৌধুরীর লেখা কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, কে জি মোস্তফা, অসীম সাহা, সোহরাব হাসান, কবি শামীমা চৌধুরী, কবি অঞ্জনা সাহা, সাংবাদিক জাকারিয়া কাজল, শামসুদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ, শাহজাদা বসুনিয়া প্রমুখ। বইটি প্রকাশ করেছে সাহস প্রকাশনী।