
‘লেখার বাতিক ছিল তার/ তবু সে যা চাইতো লিখতে/ কতটুকু তার/ পেরেছিল লিখে যেতে/ অথবা যেমন করে চেয়েছিল বলতে/ তা কি পেরেছিল?’ ‘শতবর্ষ’ পরে কবিতায় নিজের সম্পর্কে এভাবেই লিখে গেছেন কবি আবুল হোসেন। গত ২৯ জুন ছিল ত্রিশের দশকের এই কবির প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চন্দ্রাবতী একাডেমি আয়োজন করেছিল স্মরণসভার।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন প্রাবন্ধিক মনজুরে মওলা, ফোকলোরবিদ শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এসেছিলেন কবির সন্তানেরা, স্বজন ও ভক্ত অনুরাগীরা।
সভার শুরুতে বড় পর্দায় কবিকে নিয়ে দেখানো হয় একটি প্রামাণ্য ভিডিওচিত্র। আবুল হোসেনের ‘পুত্রদের প্রতি’ কবিতাটি আবৃত্তি করেন মাহিদুল ইসলাম।
জীবদ্দশায় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। রবীন্দ্রনাথ তাঁর কবিতার প্রশংসা করেছিলেন। স্নেহ পেয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের। ১৯৪০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই নব বসন্ত। অনুষ্ঠানে কবিকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর শ্যালিকা অধ্যাপক সালমা রহমান ও কবির জ্যেষ্ঠ পুত্র সেলিম আর এফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রাবতী একাডেমির প্রধান মোহাম্মদ কামরুজ্জামান খন্দকার।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘১৯৩০-এর দশকের শেষে বাঙালি মুসলমানদের সাহিত্য নতুন বাঁক নেয়। স্বগোত্রের জন্য ছাড়াও মূল ধারার সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করেন তাঁরা। সেই সময়ের কবি আবুল হোসেন। প্রথম বইটির পরেই মূলত তিনি আধুনিক ধারায় লেখা শুরু করেন। সেই সময়ের প্রায় সব কবি রবীন্দ্রনাথের সমালোচনা করলেও আবুল হোসেন ছিলেন রবীন্দ্র অনুরাগী। তিনি আমাকে স্নেহ করেছেন, সে আমার সৌভাগ্য।’ সেলিনা হোসেন বলেন, সমাজের অনিয়মগুলো তাঁর কবিতায় কবিতার রূপে বিদ্রূপ হয়ে ধরা পড়ে। শামসুজ্জামান খান বলেন, ‘আমাদের কাব্যাঙ্গনে তিনি যখন এলেন, তাঁর স্বরটি ছিল ভিন্ন। ওই সময়ে বাঙালি মুসলমান কবির স্বীকৃতি পাওয়া কঠিন ছিল। তিনি তা পেয়েছিলেন।’
মনজুরে মওলা বলেন, ‘অসাধারণ কবি না হলে, কবিতায় অসামান্য অবদান না রাখলে আমরা তাঁকে স্মরণ করতাম না।’ কবি আসাদ চৌধুরী আবুল হোসেনের দুটি কবিতা আবৃত্তি করে শোনান।