শিল্পী নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর জন্ম ইতালিতে। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন ফ্লোরেন্সের ইউনিভার্সিটি অব আর্কিটেকচার থেকে। তিনি একাধারে স্থপতি, শিক্ষক ও শিল্পী। ব্যক্তিগত সফরে বাংলাদেশে বেড়াতে এলে এ দেশের ঐতিহ্যবাহী সূচিশিল্পের লোকজ ধারা তাঁকে আকৃষ্ট করে। এ অঞ্চলের প্রাচীন সংস্কৃতি সম্বন্ধে তিনি অবহিত। সুদূর ইতালির বারি অঞ্চলে রচিত চিত্রকর্মের সঙ্গে কাদামাটির বাংলাদেশের শিল্প উপাদান সম্পৃক্ত করে তাঁর শিল্পকর্মে নতুন মাত্রা যুক্ত করেছেন। বাংলাদেশের কাঁথাশিল্পীরা তারশিতোর ক্যানভাসে সুই-সুতোর নিপুণ ফোঁড়ে গ্রামীণ সংস্কৃতির চিরন্তন আবেদনকে ফুটিয়ে তুলেছেন। তাঁর এসব শিল্পকর্ম এখন শোভা বাড়াচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারির দেয়ালের।
প্রদর্শনীর শিরোনাম ‘তারশিতো: এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড’। মোট শিল্পকর্ম আছে ৩০টি। চিত্রকর্মগুলো দেখে প্রথমে যে ভাবনাটি আসতে পারে তা হলো, পৃথিবীর পূর্ব আর পশ্চিম প্রান্তের আধ্যাত্মিকতা, সৃজনীশক্তি ও ঐতিহ্যপ্রসূত যে বৈচিত্র্য রয়েছে, তা নিয়ে তারশিতো ভাবতে পছন্দ করেন। তবে প্রচলিত প্রথার অনুগামী হতে আগ্রহী নন তিনি। প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন উপাদান ও প্রতীক তাঁর শিল্পকর্মে স্থান পেয়ে থাকে। এই প্রদর্শনীর শিল্পকর্মগুলো পৃথিবীর ভোগৌলিক বিভাজন, সাংস্কৃতিক অমিল, চিন্তার অনগ্রসরতা আর আবদ্ধ মানসিকতাকে ছাপিয়ে জীবনের জয়গান গাইতে উৎসাহ জোগায়।
শিল্পী জানালেন, কারুশিল্প প্রতিষ্ঠান ‘ছোঁয়া’র ১৫ জন কারুশিল্পী প্রায় ছয় মাস কাজ করে নিজের শিল্পকর্মে কাঁথার কাজ ফুটিয়ে তুলেছেন। শিল্পী বাংলাদেশ ও ইতালির আবেগ, যাপিত জীবনের গল্প আর আর্থসামাজিক অবস্থানকে ক্যানভাসে চিত্রিত করতে চেয়েছেন।
বেঙ্গল গ্যালারির ঊর্ধ্বতন ব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী জানান, বর্তমান প্রদর্শনীর কাজগুলো শিল্পী পর্যায়ক্রমে নেপাল ও দিল্লিতে প্রদর্শন করবেন। তার আগে প্রদর্শনীটি ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে বেঙ্গল গ্যালারিতে।