'তারেক মাসুদ পুরস্কার' জিতেছেন ভারতের নির্মাতা

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘ফিল্ম সাউথ এশিয়া ২০১৭’-তে ‘তারেক মাসুদ সেরা নবাগত নির্মাতার পুরস্কার’ জিতেছেন ভারতের নির্মাতা নীহারিকা পপলি। সেরা চলচ্চিত্র হয়েছে ভারতের নির্মাতা তুষার মহাদেব ও সার্বনিক কৌরের প্রামাণ্য চলচ্চিত্র ‘সোজ-আ ব্যালাড অব ম্যালোডিজ’। গত বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ললিতপুরে এ উৎসব শুরু হয়।
উৎসবের চেয়ারম্যান নেপালের সাংবাদিক ও সমাজকর্মী কণকমণি দীক্ষিত সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মরণে ২০১৩ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।

গতকাল রোববার ছিল উৎসবের শেষ দিন। এদিন সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে পাঁচটি বিভাগে পুরস্কার ঘোষণা করেন উৎসবের অন্যতম জুরি ‘সাপ্তাহিক নেপাল টাইমস’-এর সম্পাদক কুন্দ দীক্ষিত। অন্য দুজন জুরি হলেন ভারতের সাংবাদিক রাজশ্রী দাশগুপ্ত এবং পাকিস্তানের নির্মাতা ফারজাদ নবী। এবার উৎসবে আটটি দেশের ৬৩টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
নীহারিকা পপলি ‘তারেক মাসুদ সেরা নবাগত নির্মাতার পুরস্কার’ জিতেছেন তাঁর ৮০ মিনিটের ‘রোশন পিয়া’ ছবির জন্য। শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ আবদুল রশীদ খানের ওপর নির্মিত হয়েছে ছবিটি। এটি তাঁর প্রথম প্রামাণ্য চলচ্চিত্র। ছবিটি এর আগে গত বছর মুম্বাই চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পেয়েছে।
এবার উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র অংশ নেয়। উৎসবের দ্বিতীয় দিন প্রদীপ ঘোষের ‘ক্ষতচিহ্ন’, তৃতীয় দিন মোহাম্মদ রোমেলের ‘শ্রমিক আওয়াজ’ এবং সমাপনী দিনে ইয়াসমিন কবীরের ‘রশি’ প্রদর্শিত হয়।