ক থো প ক থ ন: কনকচাঁপা। আজ তিনি গান করবেন ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে। দুপুরে অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে
'তিন খানের সুরে নতুন গান করছি'

নিজ ঘরে গানের উৎসব...
রেওয়াজ করা ছাড়া ঘরে তেমন গানের উৎসব হয় না। গানের উৎসব যদি হয়, সেটা আমার আইপডে। এখানে গান শুনি, গান শিখি।
আজকের অনুষ্ঠানে যেসব গান...
অনুষ্ঠানটি তো স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে, তাই দর্শকদের পছন্দকেও গুরুত্ব দিতে হয়। আমার পছন্দের পাশাপাশি দর্শক-শ্রোতারা যে গানগুলো শুনতে চান, তা থেকেও কিছু গান গাইতে হবে।
আমার নতুন গান...
খুব তাড়াতাড়ি শ্রোতারা আমার নতুন গান পাবেন। সব কটি গানই জুলফিকার রাসেলের লেখা। এতে সুর করেছেন তিন খান—নকীব খান, পিলু খান আর মঈনুল ইসলাম খান।
পুরোনো দিনের গানের চর্চা...
পুরোনো দিনের গান আমার অনেক পছন্দের। এখান থেকে আমি অনেক কিছু শিখছি প্রতিদিনই। আর তাই অনেক দুষ্প্রাপ্য পুরোনো গানের সংগ্রহ আছে আমার। এই গানগুলো আমি নিয়মিত শুনি।
নতুন পরিচয়ে আমি...
রাজনীতিবিদ, এটা আমার নতুন পরিচয়। জনসেবা আমার অনেক আগ্রহের জায়গা। ছোটবেলা থেকেই মাকে দেখে এটা শিখেছি। আর তাই এবার একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেটা করতে চাই।
এখন যা লিখছি...
গানের কাজে ব্যস্ত। তাই নতুন কিছু অনেক দিন লেখা হচ্ছে না। তবে ফেসবুকে নিয়মিত স্ট্যাটাস লিখি। এর বাইরে ভ্রমণের অনেক লেখা জমেছে। সংকলন করব ভাবছি।
হাসান ইমাম