'তিনি ছিলেন আমাদের শিক্ষক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রমাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬–এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূ​র l ছবি: প্রথম আলো
প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রমাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬–এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূ​র l ছবি: প্রথম আলো

কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, তাঁর কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে গতকাল রোববার বিকেলে শুরু হলো সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ। এভাবেই সপ্তাহব্যাপী এই সব্যসাচী লেখক ও কবিকে স্মরণ করবেন তাঁর সাংস্কৃতিক অঙ্গনের স্বজনেরা।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনের সবুজ চত্বরে শুরু হয়েছে সৈয়দ শামসুল হক স্মরণে আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের শুরুর দিনে কবিকে নিয়ে স্মৃতিচারণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।
আসাদুজ্জামান নূর বলেন, ‘গত মাসে হক ভাইকে দেখতে যখন লন্ডনে যাই, তখনো তাঁকে দেখে বোঝা যাচ্ছিল না যে তিনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন।’ কবির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘যখন তাঁর নাটক করেছি, কবিতা পাঠ করেছি, তখন তিনি পাশে দাঁড়িয়ে থাকতেন। সেই অর্থে তিনি ছিলেন আমাদের শিক্ষক, গুরু।’ অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন নাটকের ভূমিকাপর্ব আবৃত্তি করেন তিনি।
অনুষ্ঠানে আবৃত্তি করেন হাসান আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি মুহাম্মদ সামাদ পাঠ করেন স্বরচিত কবিতা। সম্মিলিত কণ্ঠে কবির কবিতা আবৃত্তি করা হয়। তাঁর কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় পরিবেশন করে আবৃত্তি চর্চা কেন্দ্র। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে চলবে এ অনুষ্ঠান।