
‘যাই’ বলতে নেই, বলতে হয় ‘আসি’। তিনি বাঙালি নন, তবে বাংলা ভাষার এই টুকটাক বিষয়গুলো অনেক বাঙালির চেয়ে ভালো বোঝেন। তাই তো গত মাসে কাহানি টু ছবির শুটিং শেষে ছবির পরিচালকের উদ্দেশে টুইটারে বিদ্যা বালান বাংলায় টুইট করলেন। লিখলেন, ‘আসছি সুজয় দা। ধন্যবাদ আরও একটি দারুণ গল্পের জন্য।’
বাংলায় বিদ্যার টুইট এই একটাই নয়। প্রায়ই বাঙালি বন্ধু আর সহকর্মীদের সঙ্গে বাংলায় এমন টুইট আলাপ চলে বিদ্যার। কাল যে তিন নামের ছবিটি মুক্তি পাচ্ছে, এর সঙ্গেও তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলার গল্প। তাই তো বিদ্যার বাংলাপ্রীতি উঠে এল আজ আলোচনায়।
সর্বশেষ বছর পাঁচ-ছয় আগে লম্বা সময়ের জন্য কলকাতায় কাহানি ছবির শুটিংয়ে এসেছিলেন বিদ্যা বালান। ২০১২ সালে মুক্তি পাওয়া এ ছবিতে বিদ্যাকে এক বাঙালি ব্যক্তির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল। এরপর পশ্চিমবঙ্গে ছোটখাটো অনুষ্ঠান, কলকাতায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব, দুর্গাপূজার মতো কোনো উপলক্ষ পেলেই ভারতের এই বাঙালিদের রাজ্যে উড়ে আসতেন তিনি। হাসিমুখে বলতেন, ‘আমি শুধু এ রাজ্যে আসার বাহানা খুঁজি।’ বাঙালিদের রাজ্যে বিদ্যা নিজেকে কখনোই অতিথি মনে করেন না। দক্ষিণ ভারতের কেরালায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, ‘আমি হইয়াও হইল না (ওয়ানাবি) ধরনের বাঙালি!’ এমনকি বিদ্যার মা সরস্বতী বালানও বলেন, ‘হয়তো পূর্বজন্মের কোনো সম্পর্কের কারণে বিদ্যার এই অদ্ভুত বাংলাপ্রীতি।’
সত্যিই তো তাই। তা না হলো তামিল এই মেয়ের সঙ্গে বাংলার সম্পর্ক এতটা গভীর হবে কী করে? বিদ্যার জীবনের প্রথম চলচ্চিত্রটি বাংলা ভাষায় নির্মিত, নাম ভালো থেকো (২০০৩)। ২০০৫ সালে বলিউডে যে ছবিটি দিয়ে তাঁর অভিষেক হয়, সেখানেও বিদ্যা এলেন এক বাঙালি মেয়ের চরিত্রে। ছবিটির নাম মনে করিয়ে দিই একবার, পরিণীতা । এতে বিদ্যার চরিত্রটির নাম ছিল ‘ললিতা’। এরপর বাঙালি চরিত্র কিংবা বাঙালি রাজ্যে তৈরি বেশ কয়েকটি বলিউড ছবিতে বিদ্যাকে পাওয়া গেল ঘুরেফিরে। যেমন—মনি রত্নমের গুরু (২০০৭) ছবির ‘মিনু’ চরিত্রটির কথাই ধরা যাক, অথবা ভুল ভুলাইয়ার ‘আমি যে তোমার’ গান গাওয়া ভূত ‘মঞ্জুলিকা’র কথা। সবাই কিন্তু বাঙালি ছিল। ২০১২ সালে তো কাহানি ছবি দিয়ে বাঙালিদের শহর কলকাতাকে রীতিমতো আলোকিত করে দিয়েছিলেন বিদ্যা বালান। সেই সাফল্যের জের ধরেই এবার আবারও প্রিয় শহরে ফিরছেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। তাঁর এবারের ছবিটির নাম তিন। এবার তিনি বাঙালি এক পুলিশ অফিসার।
মজার বিষয় হলো, এই ছবির পরিচালক বাঙালি, নাম ঋভু দাশগুপ্ত। প্রযোজক কাহানি ও কাহানি টু ছবির নির্মাতা সুজয় ঘোষ, তিনিও বাঙালি। সহশিল্পী অমিতাভ বচ্চন, পশ্চিমবঙ্গে তাঁর শ্বশুড়বাড়ি। তাই বলতে গেলে পুরো বাঙালি এক দলের সঙ্গেই তিন ছবির কাজ করলেন তিনি। মাঝে এক নওয়াজউদ্দিন সিদ্দিকী ছিলেন অবাঙালি। কিন্তু ঋভু, সুজয়, অমিতাভ আর বিদ্যার বাংলা আড্ডায় শামিল হওয়ার লোভে তিনিও নাকি শুটিংয়ের ফাঁকে বাংলাটা হালকা শিখে নিয়েছেন।
তবে তিন দিয়েই কিন্তু আপাতত শেষ নয়। তিন-এর রেশ কাটতে না-কাটতেই, এ বছর আবার বাঙালিদের ভিড়ে বিদ্যার দেখা মিলবে। কারণ, কিছুদিন আগে শুটিং শেষ করা কাহানি টু ছবিটিও মুক্তি পাবে এ বছর। নভেম্বরে ছবিটির মুক্তির দিন আপাতত চূড়ান্ত হয়েছে। গেলবার কলকাতার গলিঘুপচিতে বিদ্যা ঘুরে বেরিয়েছিলেন অন্তঃসত্ত্বা এক নারীর বেশে। এবার তাঁকে দেখা যাবে পাহাড়ের শহরে, কালিম্পংয়ে। তাই বিদ্যার বঙ্গ-অভিযান নিয়ে এখানে ইতি না টানি। তাঁর অভিযান চলবেই, আর চলবে তাঁকে নিয়ে গল্পও...
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে