বিজয়ের মাস উপলক্ষে জি টিভিতে (গাজী টিভি) শুরু হলো অনুষ্ঠান ‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না’। ১৬ পর্বের এই অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করছেন নাসির উদ্দীন ইউসুফ। কথা হলো তাঁর সঙ্গে।‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।অনুষ্ঠানটি করছি মুক্তিযোদ্ধাদের নিয়ে। আছেন মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও শব্দসৈনিক। আরও থাকছে বীরত্বের সঙ্গে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের সাক্ষাৎকার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যুদ্ধাপরাধের ব্যাপারে সবার কাছে একটা পরিষ্কার ধারণা দিতে চাইছি। যুদ্ধাপরাধীদের বিচার রাষ্ট্রের দায়িত্ব; এটা কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না। মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের ঋণ তো কোনো দিন শোধ করা যাবে না। তার পরও যুদ্ধাপরাধীদের বিচার হলে সেই ঋণের কিছুটা শোধ করা সম্ভব হবে।আপনি এর আগে এ ধরনের আরেকটি অনুষ্ঠান করেছিলেন।হ্যাঁ, চ্যানেল আইয়ে, ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের এক হাজার ২০০ পর্ব প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠান মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল হয়ে গেছে। যদি চ্যানেল আই কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের কথা নিয়ে বই প্রকাশ করে, তাহলে সেটা হবে মুক্তিযুদ্ধের বড় একটি প্রামাণ্য ইতিহাস।মুক্তিযুদ্ধ নিয়ে এই মুহূর্তে আর কিছু করার ইচ্ছা আছে?বিটিভির জন্য একটি অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি হবে যুদ্ধাপরাধ নিয়ে। আর তার নাম দিয়েছি ‘তুই রাজাকার’।আপনার ‘গেরিলা’ ছবির খবর কী?খুব ভালো। গত সপ্তাহে ভারতের কলকাতায় ‘ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় গেরিলা সেরা ছবি, সেরা পরিচালক (নাসির উদ্দীন ইউসুফ) ও সেরা অভিনেত্রীর (জয়া আহসান) পুরস্কার পেয়েছে।