কমল দাশগুপ্তের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি। তাঁর সহধর্মিণী কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের সঙ্গে কথা বলেই এই আয়োজন
‘তুমি এসেছিলে জীবনে আমার’
‘সৎ পাত্রে কন্যা দান করলে বাবা যেমন নিশ্চিন্তে থাকেন, তেমনি নিশ্চিন্ত থাকতেন কাজী নজরুল ইসলাম সুরকার কমল দাশগুপ্তকে গান সুর করতে দিয়ে...’ জানালেন প্রথিতযশা সংগীতশিল্পী ফিরোজা বেগম। এ বছর কমল দাশগুপ্তের জন্মশতবার্ষিকী পালন হচ্ছে। তাঁকে স্মরণ করতেই আমরা গিয়েছিলাম ফিরোজা বেগমের কাছে, অমর এই সুরকার সম্পর্কে জানার আগ্রহে।‘পৃথিবী আমারে চায়’-এর মতো জনপ্রিয় আধুনিক গানসহ প্রায় আট হাজার গানের সুর করেছেন কমল দাশগুপ্ত। যার মধ্যে ছিল আধুনিক, নজরুলসংগীত, ভজন, গীত, গজল, কাওয়ালি ইত্যাদি। ৩০ বছর তিনি গ্রামোফোন কোম্পানিতে প্রধান সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। ৮০টি চলচ্চিত্রে করেছেন সংগীত পরিচালনা। এর মধ্যে পাঁচটিতে শ্রেষ্ঠ সংগীত পরিচালনার পুরস্কার পেয়েছেন।১৯১২ সালের ৯ এপ্রিল যশোরের কালিয়ায় বনেদি একান্নবর্তী পরিবারে জন্ম হয় উপমহাদেশের অন্যতম গুণী সুরকার, সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের। শৈশব কেটেছে যশোরে, কৈশোরের কিছুদিন কেটেছে কুচবিহারে। তাঁর পরিবারের উপার্জনের উৎস ছিল গুপ্তপ্রেস। আর্থিক কষ্ট তাঁর ছিল না। এরপরই তাঁর পরিবার চলে যায় কলকাতায়। কলকাতার মানিকতলার একটি বাড়িতে তাঁরা থাকতে শুরু করেন। নিচে ছিল তাঁদের প্রেস। ৯ ভাইবোনের সবাই ছিলেন সংগীতে পারদর্শী। সবার রেকর্ড বেরিয়েছিল এইচএমভি কোম্পানি থেকে। বাড়িতেই সংগীতের ভিত্তিটা হয়েছিল তাঁর। সেই সময়ে বাড়িতে বিখ্যাত সব ওস্তাদের আনাগোনা ছিল। কাজী নজরুল ইসলামও তাঁদের বাড়িতে প্রায়ই যেতেন। পরবর্তী সময়ে তিনি ও কাজী নজরুল ইসলাম একই সঙ্গে গ্রামোফোন কোম্পানির প্রশিক্ষক ওস্তাদ জমিরউদ্দিন খাঁ সাহেবের কাছ থেকে সংগীতে তালিম নেন। জমিরউদ্দীন খাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁর কাছেই তালিম নেন কমল দাশগুপ্ত। তিনি ও তাঁর ভাই সুবল দাশগুপ্ত অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে প্রথম হয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও গান শুনিয়েছেন। তাঁরা দুই ভাই কমল দাশগুপ্ত ও সুবল দাশগুপ্ত—রেডিওতে ‘চাঁদ-সুরুজ’ নামে কাওয়ালি গাইতেন। তাঁর আরেক বোন ছিলেন বিখ্যাত নজরুলসংগীতশিল্পী সুধীরা সেনগুপ্ত। চলচ্চিত্রে তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাজ শেষ উত্তর, যোগাযোগ, চন্দ্রশেখর, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, অ্যারাবিয়ান নাইটস।তাঁর সহধর্মিণী শিল্পী ফিরোজা বেগম জানালেন, মেঘদূত-এর সংগীত পরিচালনা ছিল অসাধারণ। ‘আমাদের দুর্ভাগ্য যে এই অসাধারণ সূক্ষ্ম কম্পোজিশন টেকনিক, তাঁর কাজ আমরা সংরক্ষণ করতে পারিনি।’ আক্ষেপ ঝরল ফিরোজা বেগমের কণ্ঠে। ‘যে না শুনবে, সে বুঝতে পারবে না, কত অসাধারণ কাজ করেছিলেন তিনি মেঘদূত ও মধুমালতীতে।’ ভারতের প্রায় সব কটি ভাষায় গান রেকর্ড করেছেন। প্রায় ৩০ বছর গ্রামোফোন কোম্পানিতে কাজ করার পর তিনি অবসর নেন এবং প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগমকে ১৯৫৫ সালে বিয়ে করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকায় চলে আসেন। স্ত্রী-সন্তানদের ছাড়া কলকাতায় থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।ফিরোজা বেগমের কাছ থেকেই শুনি কমল দাশগুপ্তের কথা। ‘বোম্বের বিখ্যাত সংগীত পরিচালক নওশাদ জোগান ছবির জন্য ভৈরবী রাগের ওপর সুরারোপ করা কমল দাশগুপ্তের হিন্দি ভজন অনুমতি নিয়ে “যোগী মাত যা মাত যা” ব্যবহার করেন। তিনি অসংখ্য হিন্দি ভজন, কবীরের ভজন, যুথিক রায়ের কণ্ঠে মীরার ভজন, গোবিন্দ দাসের ভজন সুর করেছিলেন। তখন প্রতিটি রেকর্ড বের হওয়ার সঙ্গে সঙ্গে কত যে কপি বিক্রি হতো, আবার গীতের জন্মদাতাই কমল,’ বললেন ফিরোজা বেগম। তাঁর জনপ্রিয় বাংলা গানের সংখ্যা অনেক...‘তুমি এসেছিলে জীবনে আমার’, ‘এই কি গো শেষ দান’, ‘যদি আপনার মনে মাধুরী মিশায়ে’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, ‘পৃথিবী আমারে চায়’, ‘এমন বরষা ছিল সেদিন’, ‘তুমি কি এখন দেখিছ স্বপন’, ‘চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়’, ‘দুটি পাখি দুটি তীরে’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’, ‘আমার যাবার সময় হলো’, ‘তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে’, ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’, ‘আমি বনফুল গো’ প্রভৃতি জনপ্রিয় গানের সুরকার তিনি।তিনি চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের পরিচালনা করেছেন। ভাবীকাল ছবিতে কোনো গান ছিল না, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন তিনি। চন্দ্রশেখর ছবিতে অশোক কুমার এবং কানন দেবী গেয়েছিলেন ‘অনাদিকালের স্রোতে ভাসা মোরা দুটি প্রাণ’। আর কানন দেবীকে দিয়ে গাইছিলেন শেষ উত্তরে ‘আমি বনফুল গো’। সিরাজউদ্দৌলা নাটকে কাজী নজরুল ইসলামের সঙ্গে কমল দাশও সংগীত পরিচালনা করেছিলেন।উচ্চাঙ্গ সংগীতশিল্পীদের মধ্যে এ টি কানন, বোম্বের অভিনেত্রী শান্তা আপ্তেকে দিয়ে ইংরেজিতে বাংলা উচ্চারণ লিখিয়ে গাইয়েছিলেন ‘মোর না মিটিতে আশা ভাঙিল খেলা’।সংগীতগুণী ফিরোজা বেগমের মতে, কমল দাশগুপ্তের হাতে সেই সময়ের জনপ্রিয় সব শিল্পী তৈরি হয়েছিল। প্রখ্যাত জনপ্রিয় শিল্পী যুথিকা রায়কে নিজের হাতে তৈরি করেছিলেন। জগন্ময় মিত্র, অনিমা ঘোষাল, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, সুপ্রভা সরকার, আব্বাসউদ্দীন আহ্মদ তাঁর সান্নিধ্যে এসেছিলেন। তালাত মাহমুদকে দিয়ে বাংলা গান করিয়েছিলেন তিনি। এম এইচ শুভলক্ষ্মীকে দিয়ে মীরার ভজন করিয়েছিলেন।তাঁর নিজের গাওয়া নজরুলের ‘আজো কাঁদে কাননে’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘জগতের নাথ করো পার’ অসাধারণ গাওয়া ছিল। তাঁর গানে যন্ত্রানুসংগীতের প্রয়োগ ছিল পরিমিত, বিশেষ করে প্রিলুড ইন্টারলুড পরিমিত ব্যবহার।ফিরোজা বেগম বলেন, ‘যত দূর দেখেছি, পড়েছি, আমার দেখা শ্রেষ্ঠ সংগীতগুণীদের মধ্যে তিনি অন্যতম। তাঁর নিজের অর্কেস্ট্রা ছিল সুরশ্রী। শেষ জীবনে তাঁর পাশে ছিলাম বলে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। ‘তুমি গান করে যাও, কোনো চিন্তা করো না, “তোমার জীবনের শেষ পর্যন্ত তুমি গান করতে পারবে।” তাই হয়েছে। আমি এখনো সংগীতের সঙ্গে আছি। তাঁর জন্মশতবর্ষে আমি চাই যেন সবাই বাংলা গানে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতাসহকারে স্মরণ করে।’তাঁর জন্মশতবর্ষ যেন পালন করা হয়, এই ইচ্ছা বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের। বাংলা সংগীতে চিরস্মরণীয় অসামান্য অবদানের জন্য সংগীতগুণী কমল দাশগুপ্তের কাজ, তাঁর সুর আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।