‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’, ‘মন দিল না বঁধু’, ‘বর্ণে-গন্ধে-ছন্দে-গীতিতে’—এসব অমর গান লিখেছিলেন মীরা দাশগুপ্তা (১৯২৩-২০০৭)। শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন তিনি। ১৯৩৭ সালে সেখানেই দেখা হয় শচীন দেববর্মণের সঙ্গে। পরিচয় থেকে পরিণয় মাত্র এক বছরের ব্যবধানে। মীরা দাশগুপ্তা হয়ে উঠলেন মীরা দেববর্মণ। তাঁর লেখা গান কণ্ঠে তুলে নিলেন শচীন দেববর্মণ। প্রিয়তমার গান গেয়ে সাধারণ মানুষের প্রিয় হয়ে উঠলেন শচীন দেববর্মণ। দুজনের মধ্যে ছিল গভীর প্রেম। অথচ গাইতেন বিরহের গান। মাত্র ১৩১টি বাংলা গান গেয়েছেন শচীন দেববর্মণ। এই কটি গান গেয়ে বাংলা গানের মোড় ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়। হাজার হাজার গান গেয়েও এই মিডিয়ার যুগে অনেক শিল্পীই শ্রোতাদের প্রাণে দোলা দিতে পারেন না। অথচ সব মিলিয়ে শ-দুয়েক গান গেয়েছিলেন শচীন দেববর্মণ। ছায়াছবির জন্য গাওয়া প্রায় ৭০টির মতো হিন্দি গানও তাঁর জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছিল। তবে ১৩১টি বাংলা গানই তাঁকে বাঙালির কাছে চিরস্মরণীয় করে তুলেছে। এত কম গান গেয়ে আর কোনো শিল্পী সংগীতজগতে অমরতা লাভ করেননি। ‘তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে’, ‘হায় কি যে করি এ মন নিয়া’, ‘মালাখানি ছিল হাতে’, ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’, ‘বাঁশী শুনে আর কাজ নাই’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘তাক্দুম তাক্দুম বাজাই’, ‘কে যাস্ রে ভাটি গাঙ্ বাইয়া’—মনকে রাঙিয়ে দেওয়ার মতো এ রকম গান গেয়েই বাংলা গানের মোড় ফিরিয়ে দিয়েছিলেন শচীনকর্তা। রাগসংগীত আর লোকসংগীতের মিশেলে একেবারেই নতুন এক ধারার জন্ম দিলেন কুমিল্লার রাজপরিবারের সন্তান শচীন দেববর্মণ। শচীন ছিলেন ত্রিপুরার রাজা ঈশ্বরচন্দ্র দেববর্মণের নাতি। শচীনের পিতা ছিলেন রাজকুমার নবদ্বীপচন্দ্র দেববর্মণ। তাঁর মায়ের নাম নির্মলা দেবী। ত্রিপুরার রাজপরিবারের প্রায় সবাই গান গাইতেন। শচীনের বাবা ছিলেন সেতার বাদনে খ্যাতিমান।শচীনকর্তা গান শিখেছিলেন ওস্তাদ কৃষ্ণচন্দ্র দে-এর কাছে। দৃষ্টিহীনতার কারণে কৃষ্ণচন্দ্র দে তখন ‘কানা কেষ্ট’ নামেও পরিচিত ছিলেন। তাঁর কাছ থেকে ১৯২৫ থেকে ১৯৩০ সাল পর্যন্ত গানে তালিম নেন শচীন। ১৯৩২ সাল থেকে তিনি কলকাতা বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।আজ থেকে ১০৫ বছর আগে এসেছিলেন এই ক্ষণজন্মা শিল্পী। ১৯০৬ সালের অক্টোবর মাসের শুরুর দিনটাতে তাঁর জন্ম। আর চলেও গেলেন অক্টোবর মাসের শেষ দিনটাতে, ১৯৭৫ সালে। মাঝখানে বেঁচেছিলেন ৭০ বছর। এই সময়টুকু তিনি দিয়ে গেছেন বাংলা সংগীতের জন্য। তাঁর ‘স্বপন না ভাঙ্গে যদি’, ‘ওরে সুজন নাইয়া’, ‘প্রেম-যমুনার পারে’, ‘ও কালো মেঘ বলতে পারো’, ‘যদি দখিনা পবন’, ‘আলো-ছায়া দোলা’, ‘ঝুলনে ঝুলিছে শ্যামরায়’, ‘তুমি নি আমার বন্ধু’, ‘বন্ধু বাঁশী দাও মোর হাতেতে’, ‘ফুলের বনে থাকো ভ্রমর’, ‘পিঞ্জরার পাখীর মত’, ‘তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে’, ‘প্রেমযমুনারি পারে মোর হিয়া কেঁদে মরে’, ‘কাঁদিব না ফাগুন গেলে’, ‘ছিল মাধবী রাতি গো’, ‘প্রেমের সমাধি তীরে’, ‘গোধূলির ছায়াপথে’, ‘মলয়া চল ধীরে’, ‘তুই কি শ্যামের বাঁশীরে’, ‘বঁধু গো এই মধুমাস’, ‘প্রেমযমুনায় হয়ত কেউ’, ‘সেই যে দিনগুলি’ গানগুলো ভালোবাসেনি এমন বাঙালি খুব কমই আছে। কেবল কণ্ঠশিল্পী নন, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও তিনি নন্দিত হন। প্রায় ১০০টি চলচ্চিত্রের তিনি সংগীত পরিচালনা করেন।তিনি ছোটবেলায় তাঁর কাজের ছেলেটির কাছে শুনতেন লোকসংগীত। তাঁর সঙ্গেই মিলিয়েছেন রাগসংগীতের সুর। আর তাতেই তিনি জন্ম দিলেন সংগীতের এক নতুন ধারা। ছেলে রাহুল দেববর্মণও হিন্দি চলচ্চিত্রের জগতে এক অবিস্মরণীয় সুরকার হয়ে উঠেছিলেন। ছেলে রাহুল বিয়ে করলেন আশা ভোঁসলেকে। ঘরের চারজনই শিল্পী। যে বিরহের গান তিনি গাইতেন, সেই বিরহই দেখা দিয়েছিল তাঁর শেষ জীবনে। বিরহেই কেটে গেছে তাঁর শেষের দিনগুলো। তবু তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘বিরহ বড় ভাল লাগে’। মনে মনে অনুভব করেছেন মীর দেবীর লেখা সেই গান, ‘তুমি এসেছিলে পড়শু, কাল কেন আসোনি’।