পুরো ছায়ানট ভবন তখন ভাসছিল এসরাজের করুণ সুরে। একে তো সন্ধ্যা, তার ওপর ওই সকরুণ সুর। সেই সুরে স্বর মিলিয়ে ‘তোমায় নতুন করে পাব ব’লে হারাই ক্ষণে-ক্ষণ’ গাইছিল একটি নারীকণ্ঠ। কাকে নতুন করে পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন সেমন্তী মঞ্জরী? ছায়ানটের দোতলায় মূল মিলনায়তনে বসে গভীর শ্রদ্ধায় যাঁরা শুনছিলেন কবিগুরুর গান, তাঁরাও জানেন না সে কথা। কী অভাবনীয় আবেদন, কবিগুরুর গান গেয়ে-শুনে তাঁকে আর তাঁর প্রয়াণের দিনটিকে যাপন করা! এরই ভেতর দিয়ে এক অপ্রত্যাশিত স্পর্শ পাওয়ার প্রচেষ্টা।
গতকাল সন্ধ্যায় ছায়ানট আয়োজন করেছিল এই অনুষ্ঠানের। যথারীতি সম্মেলক গান দিয়েই শুরু হয়েছিল এটি। একঝাঁক শিল্পী ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ গানটি গেয়ে অনুষ্ঠানটির গাম্ভীর্যে প্রেমের পরশ বুলিয়ে দেন। এরপর তো একে একে শুধু একক গানের পালা।
লাইসা আহমদ লিসা ‘অশ্রুভরা বেদনা দিকে দিকে’, সুদীপ সরকার ‘আমার প্রাণে গভীর গোপন’, মারুফা মঞ্জরী ‘গহন রাতে শ্রাবণধারা’সহ প্রায় ১৭ জন একক কণ্ঠে গেয়ে শোনান কবিগুরুর গান।
গানে গানেই শেষ নয়। গানের ফাঁকে রবীন্দ্রনাথের লিপিকা থেকে কথিকা অংশটুকু পাঠ করে শোনান সুমনা বিশ্বাস। এসে পৌঁছালে ‘পরিচয়’ কবিতাটি আবৃত্তি করে শোনানোর কথা ছিল জয়ন্ত রায়ের। সব সময়ের মতো সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে গানের অনুষ্ঠানগুলো শেষ করে ছায়ানট। এই দিনেও এর ব্যতিক্রম হয়নি।