‘তোমাকে খুঁজে যেন পাই আমাদেরই মাঝে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকের আঙিনা ভরে উঠেছিল শিল্পী, শিল্পশিক্ষার্থী আর শিল্পরসিকে। উপলক্ষ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের স্মরণসভা। তবে শুধু শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা নন, এসেছিলেন সংস্কৃতির অন্যান্য শাখা আর রাজনীতির অঙ্গনের বিশিষ্ট জনেরাও। কিছুদিন আগে সফিউদ্দীন আহমেদকে চিরবিদায় জানিয়েছিলেন তাঁরা। গতকাল আবার তাঁকে স্মরণ করার জন্য মিলিত হলেন। সেই মিলনমেলায় যেমন ছিল শোকের ছায়া, তেমনি উচ্চারিত হলো অনেক সুখস্মৃতি। সভার ব্যানারে লেখা ছিল ‘যুগে যুগে তোমাকে খুঁজে যেন পাই আমাদেরই মাঝে’। সে প্রত্যাশাই ব্যক্ত হলো সবার কথায়। ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’ কবিগুরুর এ গান দিয়ে শুরু হয়েছিল অনাড়ম্বর অনুষ্ঠানটি। প্রচারবিমুখ এই গুণী মানুষটিকে স্মরণ করতেও যেন এমন বাহুল্যবর্জিত পরিপাটি আয়োজনই মানায়। সবার সামনে ছিল শিল্পগুরুর একটি প্রতিকৃতি আর তার নিচে ফুল বিছানো। একে একে প্রয়াত শিল্পীকে নিয়ে বললেন বিশিষ্টজনেরা। তাঁদের কথায় শিল্পী ও ব্যক্তি সফিউদ্দীন আহমেদ দুই-ই ফুটে উঠলেন। শিল্পী কাইয়ুম চৌধুরী বললেন, ‘শিল্পগুরু শুধু একজন বড় মাপের শিল্পীই ছিলেন না, শিক্ষক হিসেবেও তাঁর তুলনা নেই। এমন একজন সৃষ্টিশীল মানুষের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। শিল্প সম্পর্কে তাঁর কথা শুনে আমরা নিজেদের ঋদ্ধ করতাম। তাঁর ছবিতে যেমন পরিচ্ছন্নতার ছাপ পাওয়া যায়, তেমনি জীবনযাপনেও তিনি পরিচ্ছন্ন ছিলেন।’ রফিকুন নবী বললেন, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ছিলেন এমন এক স্বভাবের, যিনি সবকিছুই সহজভাবে নিতেন। নিজেকে খুব সাদামাটাভাবে উপস্থাপন করতেন। অন্যদিকে কাজ যা-ই করতেন, তার মধ্যে একটা যত্নের ছাপ থাকত। স্থপতি শামসুল ওয়ারেসের উপলব্ধি, সফিউদ্দীন আহমেদের মৃত্যুর মাধ্যমে একটি যুগের অবসান ঘটল। তিনি তাঁর অসাধারণ কাজের মধ্যেই বেঁচে থাকবেন।অনুষ্ঠানে আলোচকেরা আরও বলেন, এত বড় শিল্পী হয়েও তাঁর আচরণে কখনোই দাম্ভিকতা ছিল না। অন্যকে শেখানোর মাধ্যমে তিনি আনন্দ খুঁজে পেতেন। শিল্পগুরুর বিভিন্ন শিল্পকর্ম ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের দাবিও তুললেন আলোচকেরা।আলোচনা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে ‘সন্ধ্যা ও প্রভাত’ কবিতাটি আবৃত্তি করেন হাসান আরিফ।স্মরণানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, জামান আহমেদ, শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেন ও সফিউদ্দীন আহমেদের পরিবারের সদস্যরা।