‘তোমায় সালাম’-এ হাসান মাসুদ-শেনিন
এর আগে হুমায়ূন আহমেদের লেখা ‘যদি ভালো না বাসো তো দিয়ো না মন’ টেলিছবিতে অভিনয় করেছিলেন সুইস মডেল শেনিন। ওই টেলিছবিতে তিনি অভিনয় করেছিলেন মডেল-অভিনেতা নোবেলের বিপরীতে। শেনিন এবার অভিনয় করলেন হাসান মাসুদের বিপরীতে; নাটকের নাম ‘তোমায় সালাম’। চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। সম্প্রতি ‘তোমায় সালাম’ নাটকের শুটিং শেষ হয়েছে বলে জানান হাসান মাসুদ।প্রথম আলো ডটকমকে হাসান মাসুদ বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে নির্মিত হয়েছে “তোমায় সালাম” নাটকটি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সাধারণত খুব সিরিয়াসধর্মী হয়ে থাকে। গল্প বলা থেকে শুরু করে এর সবকিছুতে যে রকম দেখি, “তোমায় সালাম” কিন্তু তেমন নয়। এ নাটকে খুব সহজ ও সাধারণভাবে গল্প বলার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। বলা যায়, একরকম হাস্যরসের মধ্য দিয়ে খুব চমত্কারভাবে মুক্তিযুদ্ধের নানা দিক উপস্থাপন করা হয়েছে।’বিজয় দিবসের ‘তোমায় সালাম’ ছাড়াও হাসান মাসুদ এখন বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হিমু আকরামের ‘পঞ্চপাণ্ডব’, হাসান জাহাঙ্গীরের ‘বয়রা পরিবার’। হাসান মাসুদ জানান, আরটিভিতে প্রচারিত ‘বয়রা পরিবার’ নাটকটি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। খুব শিগগির এর শেষ অংশের কাজ শুরু হবে।