
তোর এত বড় সাহস, আমাকে ফুল দিতে এসেছিস!’ কথাটি বলার পর নিপুণ কষে একটি থাপ্পড় বসিয়ে দিলেন শিব শানুর গালে। শিব শানু বড়সড় মাস্তান। আর সামান্য একটা মেয়ে হয়ে কিনা তাঁর গালে থাপ্পড়! হুংকার দিয়ে উঠলেন তিনি।
এবার কী হবে?
শানুর বাহিনী এসে উঠিয়ে নিয়ে যাবে নিপুণকে। কিন্তু এর মধ্যেই নিপুণকে বাঁচাতে এগিয়ে এলেন ইমন।
এফডিসির ৮ নম্বর ফ্লোরের বারান্দায় মায়ের মমতা ছবির এ দৃশ্য ঠিকঠাক ধারণের পর মনিটরের সামনে বসে ‘কাট, কাট, কাট...’—চিৎকার করে উঠলেন পরিচালক মুস্তাফিজুর রহমান ওরফে বাবু।
‘এ পর্যন্তই থাক। এবার আমরা পরের অংশটুকু, মানে নিপুণকে উঠিয়ে নিতে আসা এবং সঙ্গে সঙ্গে ইমনের প্রবেশ—এই অংশটুকু নেব।’ বলেই পরের দৃশ্যের জন্য ইউনিট কর্মীদের তাগাদা দিয়ে পরিচালক বললেন, ‘তাড়াতাড়ি রেডি হও। বাইরের কাজ অনেক বাকি। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে।’
এ সময় কথা হলো পরিচালকের সঙ্গে। বললেন, ‘পারিবারিক আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। ভালোভাবেই কাজ চলছে। আশা করছি, ঈদের আগে আগে শুটিং শেষ হবে।’
নিপুণ বললেন, ‘আমার চরিত্রের নাম মমতা। একেবারেই চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। এ চরিত্রে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’
ওদিকে ততক্ষণে পরের দৃশ্য ধারণের প্রস্তুতি শেষ। সবাই প্রস্তুত। ক্যামেরার পেছনে ব্যাগ কাঁধে প্রস্তুত ইমনও। এর মধ্যে ক্যামেরার সামনে নিপুণকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে শানুর গুন্ডাবাহিনী। চারদিকে টানটান উত্তেজনা। ক্যামেরা চলছে।
এবার ক্যামেরার ফ্রেমে ইমন। সঙ্গে সঙ্গে ফাইট ডিরেক্টর আরমানের চিৎকার, ‘কাট, কাট...।’ ‘ওহ! ইমন, তোমার কান্ধে এই ব্যাগ কেন? ব্যাগটা যাচ্ছে না, চেঞ্জ করো।’ বললেন আরমান। একই সঙ্গে ইউনিট কর্মীদের বললেন, ‘এই, তোমরা ওকে কালো রঙের একটা ব্যাগ দাও। এই হলো আমাদের ছবির অবস্থা! মানুষ সিনেমা কেন দেখবে?’
এদিকে তখন কালো ব্যাগ আনতে ১ নম্বর ফ্লোরের গ্রিনরুমের দিকে ছুটছেন এক ইউনিট কর্মী।
দুই.
পরিচালক সমিতির কার্যালয়ের সামনে আড্ডা দিচ্ছেন কয়েকজন পরিচালক। এর মধ্যে চিত্রনায়ক জসিম ফ্লোরের রাস্তা ধরে প্রবীণ নির্মাতা চাষী নজরুল ইসলামকে আসতে দেখেই একজন উঠে দাঁড়িয়ে বললেন, ‘আরে, আমাদের হিরো আসছেন!’
কথাটি শুনলেন চাষী নজরুল ইসলামও। কিন্তু তখনো তিনি বুঝতে পারছেন না, কাকে বলা হলো কথাটি—কোন হিরো আসছেন। তাই আশপাশে তাকিয়ে ‘হিরো’ খুঁজছেন তিনি।
‘চাষী ভাই, কাকে খুঁজছেন? আপনাকেই তো বলছি।’ এ কথার পর এতক্ষণে যেন হুঁশ ফিরল চাষী নজরুলের। বিষয়টি বুঝতে পেরে সে সময় হা হা হা করে হাসছেন তিনি। হাসি থামিয়ে বললেন, ‘৮০ বছরের বুড়ো আবার হিরো!’
এবার আবারও কথা বললেন একজন, ‘৮ নম্বর ফ্লোরে নিপুণ শুটিং করছেন। আপনি যদি হিরো হিসেবে কাজ করেন তাহলে নিপুণকে নিয়ে আমি একটা ছবি বানাব, সিরিয়াসলি বলছি।’
উপস্থিত সবার মধ্যে জোরেশোরে হাসির রোল উঠল।
আড্ডায় এর মধ্যে চিত্রনায়িকা নূতন এসে হাজির। ‘তুমি হঠাৎ করে কোথা থেকে?’—নূতনকে দেখে চাষী নজরুলের জিজ্ঞাসা ।
‘অনেক দিন পর এফডিসিতে এলাম। শাহ মোহাম্মদ সংগ্রামের একটা ছবিতে কাজ করছি। ভাবলাম পরিচালক সমিতিতে গেলে কাউকে না কাউকে পাওয়া যাবেই। শুটিংয়ের ফাঁকে তাই চলে এলাম।’—নূতনের এই জবাবের পর নতুন করে জমে উঠল আড্ডা।