আরে! আগের শোতেও তো এ দৃশ্য দেখিনি! সত্তরতম প্রদর্শনীতে দেখা গেল গত রোববার তিনটি দেশে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা! আমার তো জানা ছিল হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী। তার পরিণতি নিয়ে। দেখা গেল তাতে যুক্ত হয়েছে সমসাময়িক ঘটনাবলিও! তার মানে নাটকটি প্রতিটি মঞ্চায়নের আগেই ঋদ্ধ হচ্ছে নতুন নতুন ঘটনা দিয়ে।
নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণা প্রযোজনা ত্রিংশ শতাব্দীর ৭০তম মঞ্চায়ন হয়ে গেল গতকাল মঙ্গলবার। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
৭০তম প্রদর্শনী উপলক্ষে কথা হয় দলের প্রধান ও নাটকটির নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে। বললেন, এ নাটকটির জন্যই সর্বাধিক দর্শক-সাড়া পেয়েছে স্বপ্নদল। জানালেন, এ নাটকের প্রায় প্রতিটি প্রদর্শনীতে নতুন নতুন ঘটনা যোগ হয়েছে। তাঁর ভাষায়, নাটকটি প্রতি মুহূর্তে সমকালীন। তিনি বলেন, ত্রিংশ শতাব্দী প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কুকর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে।
নাটকটিতে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-সিরিয়া-তিউনিসিয়া-ইয়েমেন-মিয়ানমারে সাম্প্রতিক বর্বরতা প্রসঙ্গ। নির্দেশক ছাড়াও ত্রিংশ শতাব্দীতে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী, সামাদ ভূঞা, শিশির সিকদার, আমজাদ শরীফ, মোস্তাফিজুর রহমান, মাধুরী বেপারী, জেবুন নেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ প্রমুখ।
এর আগে নাটকটির ৬৯তম প্রদর্শনী হয় নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) অনুষ্ঠিত ভারতের জাতীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’-এ।