'থর' ছবির বিশেষ দৃশ্যে নাটালির পরিবর্তে ক্রিসের স্ত্রী

সুপারহিরোনির্ভর হলিউডের ছবি ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছে গত অক্টোবরে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যান। সম্প্রতি নাটালি জানিয়েছেন, ছবিটির বিশেষ একটি দৃশ্যে তাঁর পরিবর্তে অভিনয় করেছেন ক্রিসের স্ত্রী স্প্যানিশ মডেল, অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক এলজা প্যাটেকি।
‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শেষের দিকে একটি চুমুর দৃশ্যে অভিনয় করেছিলেন নাটালি ও ক্রিস। ছবির কাজ শেষ হয়ে যাওয়ার পর দৃশ্যটি পছন্দ না হওয়ায় পুনরায় সেটি ক্যামেরাবন্দী করার সিদ্ধান্ত নেন নির্মাতারা। কিন্তু তত দিনে নতুন আরেকটি ছবির কাজ শুরু করায় সময় দেওয়া সম্ভব হয়নি নাটালির পক্ষে। এ অবস্থায় নাটালির মতো পোশাক আর পরচুলা পরে আবেগঘন দৃশ্যটির শুটিংয়ে অংশ নেন ক্রিসের স্ত্রী এলজা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজ।
এ প্রসঙ্গে নাটালি বলেন, ‘পুনরায় দৃশ্যটির শুটিং করতে বলা হয়েছিল আমাকে। তখন হংকংয়ে কাজ করছিলেন ক্রিস। আমার পক্ষে হংকং যাওয়া সম্ভব ছিল না। কারণ, আমি আমার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছিলাম। এ জন্য আমার পরিবর্তে দৃশ্যটিতে অভিনয় করেন ক্রিসের স্ত্রী। আমার পোশাক আর পরচুলা পরে ক্যামেরার সামনে দারুণ অভিনয় করেছেন তিনি। দৃশ্যটি সত্যিই অনেক বেশি আবেগপূর্ণ মনে হয়েছে আমার কাছে।’