'থ্রি ইডিয়টস'কে টপকে গেল 'চেন্নাই এক্সপ্রেস'

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে রেকর্ড গড়েছিল ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’। কিন্তু সম্প্রতি সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’।
৯ আগস্ট মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ২০২ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। অন্যদিকে, গত চার বছর ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয়কারী ছবি হিসেবে শীর্ষস্থানে ছিল ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। ভারত থেকে এই ছবির আয়ের পরিমাণ ছিল ২০২ কোটি ৪৭ লাখ রুপি।
অবশ্য আমির খান ও কারিনা কাপুর অভিনীত ছবিটি ভারতের বাইরের বিভিন্ন দেশেও দারুণ ব্যবসা করেছিল। দেশ-বিদেশ মিলিয়ে ছবিটি আয় করেছিল ৩৯২ কোটি রুপি। এবার সেই রেকর্ড ভাঙার পথে ছুটছে ‘চেন্নাই এক্সপ্রেস’। জানিয়েছে এনডিটিভি।
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। মুক্তির মাত্র চার দিনে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে ছবিটি। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের নতুন রেকর্ড গড়ে ‘চেন্নাই এক্সপ্রেস’। এক সপ্তাহের মাথায় ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটির ঝুলিতে জমা পড়ে ১৫৬ কোটি ৭০ লাখ রুপি।
এ ছাড়া, মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় ‘চেন্নাই এক্সপ্রেস’ ভারত থেকে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে। এর মাধ্যমে সালমান খানের ‘এক থা টাইগার’ ছবির আয়ের রেকর্ড ভাঙে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’। গত বছর সালমান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবিটি মুক্তির দুই সপ্তাহের মাথায় ঝুলিতে ভরেছিল ১৯৯ কোটি রুপি। অবশ্য ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিটির আয়ের পরিমাণ ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
কেবল ভারতেই নয়, পাকিস্তানেও রেকর্ড গড়েছে শাহরুখ খানের ঈদ উপহার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। ৯ আগস্ট করাচির আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি আয় করেছে চার কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তান সরকার দেশটিতে ভারতীয় ছবি প্রদর্শনের অনুমতি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানকার বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছে ‘চেন্নাই এক্সপ্রেস’।