বক্স অফিসের তাণ্ডবই ইঙ্গিত দিচ্ছিল, বছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলোতে থ্রি ইডিয়টস নতুন ইতিহাস রচনা করবে। হলোও তাই। গত শনিবার সন্ধ্যায় বছরের প্রথম বলিউডি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬তম স্টার-স্ক্রিন অ্যাওয়ার্ডসে থ্রি ইডিয়টস পেয়েছে সর্বাধিক ১০টি পুরস্কার। সেরা চলচ্চিত্র তো বটেই, সঙ্গে জনপ্রিয় শাখায় সেরা অভিনেত্রী কারিনা কাপুর, খল-অভিনেতা বোমান ইরানী, নৃত্য পরিচালক বস্কো সিজার পুরস্কৃত হয়েছেন। একই ছবির পরিচালক রাজকুমার হিরানী সেরা পরিচালনা, সম্পাদনা, সংলাপ ও চিত্রনাট্যের চারটি পুরস্কার পেয়ে নতুন রেকর্ড গড়েছেন। ছবির ‘সাইলেন্সার’ ওম বৈদ্য নতুন অভিনেতা এবং কৌতুকাভিনেতার জোড়া পুরস্কার পেয়েছেন। কিন্তু সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার নিয়ে গেছেন পা ছবির অমিতাভ বচ্চন ও বিদ্যা বালন। বিজয়ী অন্যরা হলেন—জনপ্রিয় শাখায় সেরা অভিনেতা শহীদ কাপুর (কামিনে), পার্শ্ব-অভিনেতা ঋষি কাপুর (লাভ আজকাল), সংগীত পরিচালক এ আর রহমান (দিল্লি সিক্স), পুরুষ কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান (আজ দিন-লাভ আজকাল), নারী কণ্ঠশিল্পী কবিতা শেঠ (ওরে মানওয়া-ওয়েক আপ সিড)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরুখ খান, শহীদ কাপুর, মাধবন, শরমান যোশী, নেহা ধুপিয়া। ওয়েবসাইট।