‘থ্রি...টু...ওয়ান...জিরো...অ্যাকশন’
৪ নম্বর ফ্লোরের সামনে সারিবদ্ধভাবে বসে খাওয়া-দাওয়া করছেন ১০-১২ জন লোক। শুটিং ইউনিটের লোকজন কি না, ঠিক বোঝা যাচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করতেই বললেন, ‘ভেতরে শুটিং হইতাছে। আমরা শুটিংয়ের লোক।’ গ্রিনরুমের সামনে দেখা মিলল প্রযোজক জামানের সঙ্গে। তিনি বললেন, ‘এখন খাবার বিরতি চলছে। কিছুক্ষণ পর আবার শুটিং শুরু হবে।’স্টুডিওর ভেতরে রাজকীয় একটি বাড়ি তৈরি করা হয়েছে। বাড়ির মাঝামাঝি জায়গায় ক্যামেরার সামনে মিশা সওদাগর। ক্যামেরার লোকজন মিশা সওদাগরকে ধরে লোকেশন ঠিক করে নিচ্ছেন। ছবির নাম প্রেম পিরিতি ভালোবাসা।পাশে সোফায় বসা পারভেজ পলাশ, তিনি এ ছবির পরিচালক। বললেন, ‘আজ একটা গানের দৃশ্য ধারণ করব।’কী ধরনের দৃশ্য?গানের সঙ্গে নাচবেন মিশা সওদাগর। মিশা শহরের প্রভাবশালী জামিল চৌধুরীকে খুন করে। কিন্তু খুনের দায়ভার গিয়ে পড়ে অন্য আরেকজনের কাঁধে। সেই আনন্দে মিশা একদল মেয়ের সঙ্গে নাচ-গান করবেন—এমন একটি দৃশ্য ধারণ করা হবে।এবার পরিচালক হাঁক দিলেন, ‘মেয়েদের তাড়াতাড়ি সেটে আসতে বলো।’ পরিচালকের হাঁক শুনে সহকারী পরিচালক ছুটলেন গ্রিনরুমের দিকে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ।‘চলেন, আমরা যাই’ বলেই সেটের মাঝ বরাবর ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলেন মিশা সওদাগর। পরিচালকও সায় দিলেন। ক্যাসেট প্লেয়ারে বেজে উঠল গান, ‘দম ফুরালে ফকির তুমি, ভব রঙ্গশালা...।’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচা শুরু করলেন মিশা। কিন্তু শট ‘ওকে’ হলো না। পরিচালক বললেন, ‘আরও একবার শটটি নিতে হবে, মিশা ভাই।’ আবারও প্রস্তুত মিশা। ‘কোয়াইট...থ্রি...টু...ওয়ান...জিরো... অ্যাকশন।’ এবার গানের প্রথম মুখটির সঙ্গে নাচের দৃশ্যটুকু ধারণ ‘ওকে’ হলো।এক ফাঁকে ছবিতে তাঁর চরিত্র নিয়ে কথা বললেন মিশা সওদাগর। ‘আমার চরিত্রের নাম মিশা চৌধুরী। আমি একজন কিলার। শহরে একজনকে খুন করে গ্রামে পালিয়ে যাই। সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি সেখানে। সাধারণত দেখা যায়, একজন ভিলেন ছবির পুরো সময়জুড়েই ভিলেন থাকে। কিন্তু এখানে খারাপ কাজ করার পরে অনুতপ্ত হয়ে সমাজে ফিরে আসার চেষ্টা করে ভিলেন। এ জন্য চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে।’দৃশ্য ২ঘড়ির কাঁটা তখন বেলা তিনটার ঘরে। ৪ নম্বর ফ্লোর থেকে বেরিয়ে মূল রাস্তা ধরে হাঁটছি। ফাঁকা রাস্তা। অন্য কোনো ফ্লোরে আর শুটিং চোখে পড়ল না। এর মধ্যে পৌঁছে যাই প্রযোজক পরিচালক সমিতির কার্যালয়ের সামনে। কার্যালয়ের ভেতরে মানুষজনও কম। সোফায় শুয়ে থাকতে দেখা গেল পরিচালক এ জে রানাকে। পাশেই বসা আরেক পরিচালক গাজী মাহবুব। আমাকে ঢুকতে দেখেই উঠে বসলেন রানা। কথা হলো তাঁদের দুজনের সঙ্গে। চলচ্চিত্র নিয়ে হতাশাও চলে এল তাঁদের কথায়।‘ছবির ব্যবস্য খুব খারাপ। এ ছাড়া এফডিসিতে ডিজিটাল ছবির শুটিংয়ের জন্য কারিগরি সুযোগ-সুবিধাও কম। এফডিসির বাইরে সুযোগও বেশি আবার খরচও কম। এ জন্য ইদানীং এফডিসিতে শুটিং কম হচ্ছে।’ বললেন রানা।কথায় কথায় অনেক সময় গেছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো, এখন ফিরতে হবে।