'দক্ষিণা সুন্দরী'র চারটি প্রদর্শনী

২০১৪ সালের কমনওয়েলথ গেমস উপলক্ষে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড আয়োজন করেছে ‘টিন ফরেস্ট থিয়েটার উৎসব’। স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত এই উৎসবে এবার বাংলাদেশের নাটক মঞ্চস্থ হবে। নাটকের নাম দক্ষিণা সুন্দরী। মঞ্চস্থ করবে থিয়েট্রেক্স বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তুলেছেন নাটকের এই দলটি। গ্লাসগোতে যাওয়ার আগে দক্ষিণা সুন্দরী নাটকের চারটি প্রদর্শনী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে। আজকের প্রদর্শনীটি হবে বিকেল চারটায়। আর এই প্রদর্শনীটি হবে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। কাল শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় হবে সাধারণ দর্শকদের জন্য প্রদর্শনী।
কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের মধ্যে এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মাল্টা আর জ্যামাইকা। উৎসব অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট। দক্ষিণা সুন্দরী নাটকটি মঞ্চস্থ হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।
দক্ষিণা সুন্দরী নাটকটি লিখেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল।