‘দরিয়া পাড়ের দৌলতি’র উদ্বোধনী প্রদর্শনী
২৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রয়াত পরিচালক আব্দুল্লাহ আল মামুন পরিচালিত চলচ্চিত্র দরিয়া পাড়ের দৌলতি। গত রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, রামেন্দু মজুমদার, পপি, আমন্ত্রিত অতিথি, ছবির শিল্পী, কলাকুশলীসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে ছবির পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাহিনিকার কামালউদ্দীন আহমেদ, অভিনয়শিল্পী মান্না ও জেসমিন পারভেজ এবং মারামারি দৃশ্যের নির্দেশকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।কামালউদ্দীন আহমেদের কাহিনি অবলম্বনে দরিয়া পাড়ের দৌলতির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। আলী আকবর রুপু ও আরমান খানের সংগীত পরিচালনায় ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, ইভা রহমান ও চন্দন সিনহা। অভিনয় করেছেন মান্না, পপি, ফেরদৌসী মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হুদা, এস এম মহসিন, পরেশ আচার্য প্রমুখ।