আলী যাকের, বিটিভির একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বহুব্রীহি’ এখন আবার প্রচারিত হচ্ছে। আপনি কি দেখতে পেরেছেন?প্রথম যখন প্রচারিত হয়েছিল, তখন বেশির ভাগ পর্বই দেখেছিলাম। এবার হঠাৎ হঠাৎ দেখেছি। কবে কবে যে নাটকটি প্রচারিত হয়, টের পাই না।নাটকটি প্রথম দেখার পর কেমন লেগেছিল?এককথায় অসাধারণ। হুমায়ূন আহমেদ চমৎকার লিখেছিলেন। পরিবারের অনেক কিছু আছে, যা সচরাচর বাইরে থেকে বোঝা যায় না। হুমায়ূন আহমেদ সেসব বিষয় চমৎকার করে তুলে এনেছিলেন। দর্শক কিন্তু নাটকটি যতবার দেখবে, ততবারই আনন্দ পাবে। নাটকের মামাকে দর্শকেরা এখনো পছন্দ করে।তখন মামাকে আরও বেশি পছন্দ করত। আর এর জন্য খ্যাতির বিড়ম্বনার শিকার হতে হয়েছিল আমাকে। কারণ, আমি ছিলাম সেই মামা। টিভিতে তখন বহুব্রীহি প্রচারিত হচ্ছে। মঞ্চে চলছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নিয়মিত নাটক গ্যালিলিও। আমি নাম-ভূমিকায় অভিনয় করতাম। আমার দারুণ পছন্দের একটি চরিত্র। মঞ্চে অভিনয়ের সময় আমি চরিত্রটির মাঝে একেবারে ডুবে যেতাম। একটি ঘটনার কথা বলি, মঞ্চে নাটকটি মঞ্চস্থ হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি অংশে অভিনয় করছি। দর্শকদের মাঝে পিনপতন নীরবতা। হঠাৎ দর্শকসারির পেছন থেকে কে একজন বলল, ‘মামা’। পুরো আবহটা মুহূর্তেই পাল্টে যায়।আপনি তো অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘বহুব্রীহি’ নাটকটি নিয়ে আপনার অভিমত কী?আমার অভিনয়জীবনের দুটি উল্লেখযোগ্য কাজের কথা আমি বলতে চাই। দুটিই হুমায়ূন আহমেদের নাটক। একটি ধারাবাহিক বহুব্রীহি আর অন্যটি এক ঘণ্টার নাটক অবসর। এই দুটি নাটকের কথা কখনোই ভুলতে পারব না।নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন কোনো নাটক মঞ্চে আসছে?৩০ বছর পর আমরা গ্যালিলিও নাটকটি আবার মঞ্চে আনছি। এবারও আমিই নাম-ভূমিকায় অভিনয় করব। প্রথম নাটকটি নির্দেশনা দিয়েছিলেন আতাউর রহমান। এবার নির্দেশনা দিচ্ছে সারা যাকের।