
গাজী রাকায়েত। পরিচালক, নাট্যকার ও অভিনয়শিল্পী। এবার তিনি চলচ্চিত্র তৈরি করেছেন। নাম মৃত্তিকা মায়া। আজ যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার্স সিনেমাসের উৎসব হলে মুক্তি পাচ্ছে ছবিটি।
আজ থেকে ‘মৃত্তিকা মায়া’...
আজ থেকে প্রতিদিন ছবিটির চারটি প্রদর্শনী হবে। দুপুর পৌনে ১২টা, বেলা আড়াইটা, বিকেল সোয়া পাঁচটা ও রাত আটটায়।
ছবিটির পেছনের কারিগর...
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছি এবং পরিচালনা করেছি আমি। ছবির চিত্রগ্রহণ, পোশাক, মেকআপ, সংগীত—প্রতিটি বিভাগই খুব সমৃদ্ধ।
যাদের কথা না বললেই নয়...
আমার পরিবার। মৃত্তিকা মায়ার জন্য যে শ্রম আমি দিয়েছি, এর পেছনে আমার তিন বছরের মেয়ে দ্যুতি আর স্ত্রী মুনিয়ার অনেক অবদান। কাজের পেছনে ছুটতে গিয়ে তাদের নানাভাবে বঞ্চিত করেছি। তারা আমাকে সাহস জুগিয়েছে।
ছবির নাম ‘মৃত্তিকা মায়া’...
মাটি না বলে আমরা মৃত্তিকা বলছি। কারণ, মাটি বললে আসলে পুরোটা বলা হয় না। মৃত্তিকা মানে আমার মাটি, আমার পৃথিবী, আমার বাংলা। মাটি থেকে মানুষ, মানুষে মানুষে সম্পর্ক, মানুষের সঙ্গে মাটির সম্পর্ক—এসব গল্পই ফুটে উঠেছে ছবিতে।
দর্শক হিসেবে ‘মৃত্তিকা মায়া’র মূল্যায়ন...
অনুদানের ছবি সম্পর্কে অনেকেরই একটু নেতিবাচক ধারণা আছে। মৃত্তিকা মায়া তেমনটি নয়। ছবিটি পাঁচ থেকে ১০ মিনিট দেখার পর দর্শক হল থেকে বেরিয়ে আসতে পারবেন না, এমনভাবেই তৈরি হয়েছে। আমার মনে হয়, পুরো ছবি দেখার পর ভালোবাসা আর গর্ববোধ নিয়ে দর্শক হল থেকে বেরিয়ে আসবেন।
একজন পরিচালক, অভিনেতা, নাট্যকার, প্রকৌশলী...
নিজেকে সংস্কৃতির একজন সংগ্রামী কর্মী মনে করি।
মঞ্চ আমার কাছে...
মঞ্চ আমার কাছে সবচেয়ে ভালো লাগা আর সবচেয়ে প্রশান্তির জায়গা।
মো. সাইফুল্লাহ