‘দামাল ছেলে নজরুল’
ঢাকার মঞ্চে দেশ-বিদেশের অনেক নাট্যকারের নাটকই মঞ্চস্থ হচ্ছে। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক দেখা যায় কালেভদ্রে। এ ক্ষেত্রে ব্যতিক্রম জেনেসিস থিয়েটার। তারা নিয়মিত নজরুলের নাটকের চর্চা ও মঞ্চায়ন করছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি তারা মঞ্চে এনেছে কবির জীবনীভিত্তিক নাটক দামাল ছেলে নজরুল। গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।নাটকটি লিখেছেন মাহমুদ উল্যাহ। নির্দেশনা দিয়েছেন নূর হোসেন। নাটকে দেখা যায়, ছেলেবেলায় বাবাকে হারিয়ে ছোট বোন আর মাকে নিয়ে কষ্টের জীবন শুরু নজরুলের। লেটোর দলে গান, রুটির দোকানে চাকরি, রানীগঞ্জে শিয়ারশোল স্কুলে ভর্তি, ইংরেজদের বিরুদ্ধে হাবিলদার নজরুল। বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামের অস্ত্র হাতে নিয়ে সাপ্তাহিক বিজলী পত্রিকায় কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ—এসব নিয়ে নাটকটির কাহিনি এগিয়ে যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব, ইমন, শাওন, ইকবাল, তাহের, রনি, ফারজানা, সচি, সাকিব, সাবা, কাঁকন প্রমুখ।