'দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরজিৎ
সুরজিৎ

সুরজিৎ। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ভূমির সদস্য সুরজিৎ এবার তাঁর নতুন অ্যালবাম প্রকাশ করেছেন ঢাকা থেকে। নাম সুরজিতের গান। গত রোববার বিকেলে অ্যালবামটির মোড়ক খোলা হলো। প্রকাশ করেছে ঈগল মিউজিক। পয়লা বৈশাখ রাতে তিনি গান গেয়েছেন দেশ টিভিতে। গত মঙ্গলবার তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবিসি রেডিওতে।
এরপর কথা হয় তাঁর সঙ্গে।
পয়লা বৈশাখ...
বাংলাদেশের পয়লা বৈশাখ উদ্যাপনের সঙ্গে কলকাতার কোনো তুলনা করা যাবে না। আমরা শুধু মুঠোফোন বার্তার মাধ্যমে শুভেচ্ছা পাঠাই। কয়েকটি টিভি চ্যানেলে হাতেগোনা কিছু অনুষ্ঠান হয়। কিন্তু এবার পয়লা বৈশাখ ঢাকায় থেকে বুঝতে পেরেছি, বাংলার পয়লা বৈশাখ মানে বাংলার সংস্কৃতি। তা এখানে না এলে কেউ বুঝতেই পারবে না।

ঢাকায় পয়লা বৈশাখের অভিজ্ঞতা...
এক কথায় আমি মুগ্ধ। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত আমি ঢাকায় ঘুরে বেরিয়েছি। অনেক অনুষ্ঠান দেখেছি। ছায়ানটের বর্ষবরণ, শাহবাগে মঙ্গল শোভাযাত্রা; কোনোটি বাদ দিইনি। সবার এমন বর্ণিল সাজ, মনে এত আনন্দ আর এর সঙ্গে ছিল গান। এত গরমের মধ্যেও লাখ লাখ নারী-পুরুষ আর শিশুরা রাস্তায় বেরিয়ে এসেছে। সে এক অভূতপূর্ব দৃশ্য।
‘সুরজিতের গান’...
এর আগে আরও চারবার ঢাকায় এসেছি। এবারই প্রথম ঢাকা থেকে আমার অ্যালবাম বেরিয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল। এবার সত্যি হলো। খুব ভালো লাগছে। অ্যালবামে দুটি যন্ত্রসংগীতসহ গান রয়েছে ১৬টি। গানের কথা ও সুর আমি নিজেই করেছি। আমার স্ত্রী কমলিনী লিখেছেন দুটি গান।
যন্ত্রসংগীতে সুরজিৎ...
নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানো আমার শখ। আর এসব বাদ্যযন্ত্র সংগ্রহে রাখা আমার নেশা। বাড়িভর্তি গিটার। বাজাতে পারি গিটার, বাঁশি, হারমোনিকা, ম্যান্ডোলিন, দোতারা, করতাল, আরও অনেক বাদ্যযন্ত্র।