‘দি ডিরেক্টর’ এর সেন্সর মুক্তির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ ফেব্রুয়ারি কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর প্রথম চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ এর মুক্তি আটকে গেছে সেন্সর বোর্ডে। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ মার্চ সকালে ছবিটির সেন্সর ছাড়পত্রের জন্য আপিল করেছেন ছবির নির্মাতা। এ প্রসঙ্গে কামু জানিয়েছেন, ‘আমি আসলে মানুষকে আমার ছবিটা দেখাতে চাই। দি ডিরেক্টর আমার ছবি, আমার ভাষার ছবি, আমার প্রেম ও আবেগের ছবি। এটা নতুন সময়ের ছবি। এ ছবি মানুষকে দেখানো দরকার।’ কামু আরও বলেন, ‘ডিজিটাল ছবি নির্মাণের যে সুযোগ এসেছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই মুহূর্তে তরুণ প্রজন্মের চলচ্চিত্রকে অবদমিত না করে অনুপ্রাণিত করা হবে, এমনটাই আশা করি। আশা করছি, আপিল বোর্ড আমার ছবিটির প্রতি সংবেদনশীল থাকবেন, এবং সময়ের দাবিকে সুবিবেচনায় নিয়ে ছবিটিকে সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে।’আপিলের রায় পেতে মাস খানেক সময় লেগে যেতে পারে বলেই জানিয়েছেন পরিচালক। কামরুজ্জামান কামুর চিত্রনাট্য ও পরিচালনায় ‘দি ডিরেক্টর’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, মোশাররফ করিম, তানভীন সুইটি, নাফিজা জাহান, তারেক মাহমুদ, বাপ্পি আশরাফ, কচি খন্দকার, নাফা এবং কামরুজ্জামান কামু।