‘দীপাবলি’ রিচি
সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাসের অন্যতম চরিত্র ‘দীপাবলি’। এবার এই চরিত্রে অভিনয় করছেন রিচি সোলায়মান। সাতকাহন উপন্যাস নিয়ে ৫৪০ পর্বের ধারাবাহিক নাটক তৈরি করছেন গোলাম সোহরাব। দেশ টিভিতে এরই মধ্যে ৩৯১টি পর্ব প্রচারিত হয়েছে। পরিচালক জানান, উপন্যাসে ‘দীপাবলি’র তিনটি বয়স দেখানো হয়েছে। নাটকটিতে শিশু চরিত্রে অভিনয় করেছে পৃথা, কিশোর বয়সে অর্ষা, আর এবার পরিণত বয়সে অভিনয় করছেন রিচি। রিচি বললেন, ‘বাচ্চা ছোট, তাই অনেক দিন বড় কোনো ধারাবাহিকে অভিনয় করতে পারিনি। ও এখন একটু বড় হয়েছে। এ কারণেই রাজি হয়েছি। আর দীপাবলি তো যেকোনো মেয়ের জন্যই স্বপ্নের চরিত্র। সাত বছর পর শ্রীমঙ্গলে গিয়ে অভিনয় করেছি। উত্তরার শুটিংবাড়িগুলোতে কাজ করতে করতে দম বন্ধ হয়ে গিয়েছিল। এবার অনেক শান্তি পেলাম।’গোলাম সোহরাব জানান, এই ধারাবাহিকের ১৫০টি পর্বে অভিনয় করবেন রিচি। গতকাল রোববার রাতে রিচি অভিনীত প্রথম পর্বটি প্রচারিত হয়েছে।