'দুই দিনের আয়োজন উন্মুক্ত থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ চৈত্রসংক্রান্তি। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চৈত্রসংক্রান্তি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুরের ধারা। শুরু হবে সন্ধ্যা ছয়টায়। কাল পয়লা বৈশাখ ভোর সাড়ে পাঁচটায় একই স্থানে হবে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারা। দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। কথা হলো সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে

রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

এবারের চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের ভাবনা...
আমাদের চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের এবারের ভাবনা ‘দশের কথা দেশের গান’। বাংলা ১৪২০ সাল পুরোটাই দেশ নিয়ে সবাই খুব ভেবেছেন। দেশের নানা ঘটনা মানুষের মনকে নাড়া দিয়ে গেছে। তাই আমরা এবার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানটি দেশ আর মাটির গান দিয়ে সাজিয়েছি।
চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানে থাকছে...
আজকের অনুষ্ঠানে সুরের ধারার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আজ থাকছে গান, কবিতা আবৃত্তি ও নাচ। ছয় ঘণ্টার এই অনুষ্ঠানের শেষটা হবে আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে।
গানের বিষয় নির্বাচন...
দেশ ও দশের গান নির্বাচনে আমরা শুরুটা করেছি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে। প্রথমে হিন্দু মেলা, এরপর পর্যায়ক্রমে থাকছে স্বদেশি আন্দোলন, বঙ্গভঙ্গ, আইপিটিয়ের তৎপরতা, বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাপরবর্তী দেশের গান। আসলে আমরা দেশ-ভাবনা ও স্বাধীনতা-ভাবনার গানগুলো এবার করব। মানুষের মনে দেশাত্মবোধ জাগাতে এই ভাবনা বেছে নিয়েছি।
সহস্র কণ্ঠে বর্ষবরণ...
এই আয়োজেনে আমরা এবার রেখেছি নতুন বছরকে আবাহনের গান, দেশের গান, সকালের গান, আত্মপ্রত্যয়ের গান, আশা-জাগানিয়া গান। সারা দেশ থেকে সহস্রাধিক শিল্পী অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। থাকবেন দেশের বরেণ্য শিল্পীরাও।
বৈশাখী মেলা...
বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে অনুষ্ঠান প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় থাকবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বিভিন্ন স্টল। মেলা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সবাইকে আমন্ত্রণ...
দুই দিনের এই আয়োজন উন্মুক্ত থাকবে। আমরা চাই, সবাই আসুন, আমাদের দুই দিনের পুরো আয়োজন সবাই উপভোগ করুন।
বিনোদন প্রতিবেদক