‘দুনো ইয়ে না জানে কিউ’ সিক্যুয়েলে জিনাত আমান
একসময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী জিনাত আমান সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দুনো ইয়ে না জানে কিউ’ ছবিতে। এবার ছবিটির সিক্যুয়েলে অভিনয় করতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সঞ্জয় শর্মা পরিচালিত ‘দুনো ইয়ে না জানে কিউ’ ছবির কাহিনি লেখার পাশাপাশি ছবিটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছিলেন কপিল শর্মা। ছবিটির সিক্যুয়েলেও থাকছেন কপিল। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। ছবিটিতে জিনাত আমানের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কপিল শর্মা জানান, ‘স্বাধীনচেতা, সম্মানিত ও সুন্দরী একজন পাকিস্তানি নারী চরিত্রে অভিনয় করবেন জিনাত আমান। তাঁর চরিত্রটির নাম নাজনীন। পুরো ছবির কাহিনির প্রেক্ষাপটে নাজনীন চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।’‘দুনো ইয়ে না জানে কিউ’ ছবির সিক্যুয়েলটি প্রযোজনার দায়িত্বে রয়েছে নরওয়ের দ্য হাংরি হার্টস প্রোডাকশন হাউস। ১৯৫১ সালের ১৯ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন জিনাত আমান। তাঁর বাবা ছিলেন চিত্রনাট্যকার আমানুল্লাহ খান। তিনি ‘মুঘল-এ-আজম’, ‘পাকিজা’র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন। জিনাত মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তিনি ‘ফেমিনা’ ম্যাগাজিনে সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে জড়ান মডেলিংয়ের সঙ্গে। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হন। একই বছর তিনি মিস এশিয়া প্যাসিফিক নির্বাচিত হন। ১৯৭১ সালে ‘হালচাল’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল জিনাত আমানের। তখন তাঁর বয়স ছিল ২০ বছর। জিনাত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘বালিকা বধূ’, ‘ধরম বীর’, ‘হীরালাল পান্নালাল’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’, ‘বুম’, ‘আগলি আউর পাগলি’ ইত্যাদি। কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার, বিএফজেএ, জি সিনে, আইফাসহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনেত্রী।