'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বৃষ্টি শুরুর আগে গান করছেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা ছবি প্রথমআলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বৃষ্টি শুরুর আগে গান করছেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা ছবি প্রথমআলো

বৃষ্টিবিঘ্নিত সমাবেশের শুরুতেই ছিল জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে গান। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ আর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’ গান দুটি। এরপর প্রবল বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ সমাবেশের কার্যক্রম বন্ধ থাকে। বৃষ্টি কিছুটা কমলে উদীচীর সভাপতি কামাল লোহানীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। 

জঙ্গিবাদ নির্মূল এবং মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দেশব্যাপী ‘জঙ্গিবাদবিরোধী সপ্তাহ’। শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজন শেষ হবে ২৮ জুলাই। ‘জঙ্গিবাদবিরোধী সপ্তাহ’-এর উদ্বোধনী দিন আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এ সমাবেশে দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র-যুব-পেশাজীবী বিভিন্ন সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্যে কামাল লোহানী বলেন, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্লগার, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, বিদেশি অতিথিসহ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেসব হত্যাকাণ্ডের বিষয়ে সরকার ও প্রশাসনকে বারবার সতর্ক করা হলেও তাদের পক্ষ থেকে অদ্ভুত নিস্পৃহ মনোভাব দেখানো হয়েছে। কোনো গণতান্ত্রিক সরকার এতটা নিস্পৃহ হতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন কামাল লোহানী। গুলশান ও শোলাকিয়ার ঘটনা সেই সব ঘটনারই ধারাবাহিকতা বলে মন্তব্য করে তিনি বলেন, আগের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে গুলশানের মতো জঙ্গি হামলার ঘটনা রোধ করা সম্ভব হতো।
উদীচীর শিল্পীকর্মীরা দেশের প্রতিটি পাড়ায়-মহল্লা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর চেষ্টা করবেন বলেও জানান উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
অনুষ্ঠানে জানানো হয়, জঙ্গিবাদবিরোধী সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে উদীচীর প্রতিটি জেলা ও শাখা সংসদ নিজ নিজ এলাকায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করবে। থাকবে জনসচেতনতামূলক নানা কর্মসূচি। উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত শাখাগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জঙ্গিবাদবিরোধী অনুষ্ঠান আয়োজন করবে। সপ্তাহের শেষ দিন ২৮ জুলাই বৃহস্পতিবার উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।