'দৃশ্যটি আমরা আরেকবার নিই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ে ব্যস্ত ববি ও শাকিব
শুটিংয়ে ব্যস্ত ববি ও শাকিব

ঈদের আগের কথা। টিপটিপ বৃষ্টি। ৩ নম্বর ফ্লোর। ফ্লোরের সামনের ছাউনিতে জটলা। ফ্লোরের মূল দরজায় কেউ কেউ উঁকি দিচ্ছেন। ওখানে দাঁড়ানো এক লোক দরজার মুখ থেকে বারবার ভিড় সরিয়ে দিচ্ছেন। আমাদের পরিচয় জেনে ভেতরে ঢুকতে দিলেন। ঢুকেই তো কপালে চোখ! পুরো ফ্লোর যেন একটা ছোটখাটো শীতের আস্ত বনভূমি! অসংখ্য গাছ-গাছালি। গাছ থেকে শুকনা পাতা খসে পড়ছে। ঢুকতেই একজন ইউনিট কর্মী জানান, এখানে ইফতেখার চৌধুরীর রাজত্ব ছবির শুটিং চলছে। আবছা আলোয় আস্তে-ধীরে পা ফেলে আমরা পুরো সেটের আসল অবস্থান বোঝার চেষ্টা করি। এর মধ্যে ক্যামেরার অবস্থান চোখে পড়ল। পাশেই মনিটরের সামনে বেশ জটলা। কাছে গিয়ে দেখি, শাকিব খান ও ববি। কিছুক্ষণ আগে তাঁদের দুজনের ধারণ করা গানের একটি দৃশ্য নিজেরা দেখে নিচ্ছেন। হঠাৎ শাকিব খান বলে ওঠলেন, ‘দেখো দেখো, শট নেওয়ার সময় আমার মুখের ওপরের লাইট কম দেওয়া হয়েছে। ববির লাইট বেশি।’ শুনেই মনিটরে বসা সবাই হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে শাকিবকে ববি বললেন, ‘না, মোটেই না, তোমাকেই এখানে বেশি সুন্দর দেখাচ্ছে।’ আবারও আরেক চোট হাসি। ‘দৃশ্যটি আমরা আরেকবার নিই।’ বললেন পরিচালক। বলেই হাঁক দিলেন, ‘ক্যামেরা রেডি?’ শাকিব ও ববি উঠে গিয়ে পাতাঝরা গাছের নিচে দাঁড়ালেন। পরিচালক ‘কোয়াইট! থ্রি টু ওয়ান...জিরো অ্যাকশন।’ বলতেই ক্যাসেট প্লেয়ারে বেজে উঠল ‘মনের মাঝে ভালোবেসে এ কোন প্রেমের...’ গানের লাইনটি। শাকিব ও ববিকে সামনে রেখে ট্রলির ওপর দিয়ে ক্যামেরার চোখ এগিয়ে যাচ্ছে।