
দিগন্তবিস্তৃত মাঠ। মাঠের ওপরে রহস্যঘেরা আকাশ। অন্য পাশে বয়ে যাচ্ছে নদী। নদীর ওপারে সাঁঝের সূর্য ডোবায় নিসর্গের কোমল হাতছানি। জলরঙের একটি চিত্রকর্ম। শিল্পী মোহাম্মদ আবু সেলিম, প্রকৃতি নিয়েই যাঁর ধ্যান। শিল্পীর ১১ তম একক প্রদর্শনী শুরু হলো দৃক গ্যালারিতে।
প্রদর্শনীর শিরোনাম ‘দেখা আমার এক পলকে’। জলরঙে আঁকা ১৯টি চিত্রকর্ম রয়েছে সেখানে। চিত্রকর্মের বিষয় অতি সাধারণ-বাংলার নৈসর্গ, ফুল, পাখি, নদী, নদীর তীরে বাঁধা নৌকা ইত্যাদি। সব ছবিতে প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য উপস্থিত। ছবিগুলোর পাশাপাশি রয়েছে শিল্পীর লেখা ও আঁকা বিষয়ভিত্তিক পঙ্ক্তিমালা এবং কার্টুন। যেখানে ছন্দে ছন্দে মূলত দৃশ্যকাব্য ফুটিয়ে তুলেছেন শিল্পী। এখানে উঠে এসেছে সমসাময়িক ঘটনাপ্রবাহ।
জলরঙে আঁকা চিত্রকর্ম দেখে মনে হয়, ছবির বিষয় তাঁর মুখ্য নয়, বিমূর্ততার শৈল্পিক আবহে তিনি বিষয়ের আদল নিয়ে খেলা করেন। আর সেখানেও থাকে প্রকৃতি। সেখানে আছে কল্পনা ও আবেগের পরিশীলিত ছন্দ।
গতকাল মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহুরুন্নেসা প্রমুখ।
প্রদর্শনীর আজ শেষ দিন। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এটি।