‘দেবতার গ্রাস’ নিয়ে ধারাবাহিক মঞ্চায়ন, ঢাকায় প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই প্রথমবারের মতো বড় আকারে নাটকের দলগুলোকে অনুদান দেয় সরকার। অনুদানের ১৪টি রবীন্দ্রনাথের নাটকের একটি দেবতার গ্রাস। কমলগঞ্জের মণিপুরি থিয়েটার নাটকটি সম্প্রতি মঞ্চে এনেছে। তবে নাটকটি নিয়ে প্রথম তারা ঢাকার পথে। ঢাকাতেই নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রবীন্দ্রনাথের ‘দেবতার গ্রাস’ কবিতা অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিন্হা।কমলগঞ্জের পল্লিতে গড়ে ওঠা স্টুডিও থিয়েটারে দর্শনীর বিনিময়ে ধারাবাহিকভাবে চারটি প্রদর্শনী হবে নাটকটির। ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দুটি প্রদর্শনী আর একই সময়ে পরের দিন ২৫ ডিসেম্বর আরও দুটি প্রদর্শনী হবে। চারটি প্রদর্শনী শেষে ঢাকার পথে রওনা হবে দলটি। ২৯ ডিসেম্বর জাতীয় নাট্যশালায় বিকেল চারটায় নাটকটির কারিগরি মঞ্চায়ন, সাড়ে ছয়টায় হবে উদ্বোধনী। ৩০ ডিসেম্বর একই মিলনায়তনে আরও দুটি প্রদর্শনী হবে।এদিকে দেবতার গ্রাস নাটকটি সম্পূর্ণ মণিপুরি ভাষায় মঞ্চে আনা হয়েছে। নাটকটির নির্দেশক শুভাশিস সিন্হা বলেন, ‘এর আগে আমাদের এখানে রবীন্দ্রনাথের নাটক বাংলা ভাষার বাইরে করা হয়েছে কি না, আমার জানা নেই।’ তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। মণিপুরি সমাজ-সংস্কৃতিতে রবীন্দ্রনাথকে নতুন হিসেবে তুলে আনা হয়েছে। মণিপুরি চলন, ভঙ্গি, নৃত্য এবং আধুনিক থিয়েটারের নানা নমুনা নিয়ে নির্মিত নাটকটি। অভিনেতাদের দেহ-ভঙ্গিমায় কাব্যিক অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সংগীতে রবীন্দ্রসংগীতের সঙ্গে মণিপুরি সুরের সূক্ষ্ম মিলন। সবকিছু মিলিয়ে কাজটি ভিন্ন ভাষার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের রচনাকে নতুন মাত্রায় হাজির করার প্রয়াস।’কিন্তু বাংলা ভাষাভাষী দর্শকের কাছে মণিপুরি ভাষার এই নাটক কতটুকু সহজ হবে বলে মনে করেন? এ প্রশ্নের জবাবে শুভাশিস বলেন, ‘বাচনিক ও শারীরিকভাবে প্রচুর কাজ করা হয়েছে। শারীরিক ভঙ্গি, নাচ—সব মিলিয়ে বহুমাত্রিক ভাষা আনার চেষ্টা করা হয়েছে এবং তা খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি, এ প্রচেষ্টায় নাটকটি মণিপুরি ভাষায় হলেও যেকোনো ভাষার দর্শক নাটকটি মোটামুটি বুঝতে পারবে।’দেবতার গ্রাস নাটকটি ধর্ম ও সংস্কারের অন্ধত্ব থেকে মানুষের আত্মমুক্তির ঘোষণা করে। এক মা, এক নারীর অন্তর্গত যন্ত্রণা, এক ধর্ম-পুরোহিতের সূক্ষ্ম পীড়ন, একপর্যায়ে নিষ্ঠুর রূপ ধারণ এবং অন্তিমে মানবিক স্পর্ধায় মৃত্যুকে বরণ করার গল্প আছে নাটকটিতে।এই নাটকে অভিনয় করেছেন জ্যোতি সিনহা, লক্ষ্মণ সিংহ, ভাগ্যলক্ষ্মী সিনহা, স্মৃতি সিনহা, সুশান্ত সিংহ, সুনীল সিংহ, উজ্জ্বল সিংহ, শুক্লা সিনহা, সুনন্দা সিনহা, বীথি সিনহা ও পাপড়ি সিনহা। সংগীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধান চন্দ্র সিংহ ও বাবুচান সিংহ। নাটকটির পোশাক পরিকল্পনায় জ্যোতি সিনহা। আলোক পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী।