'দেবী' নিয়ে পোশাক!

হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের কোনো চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি আর তা বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। কিন্তু এবার বাংলাদেশেও লেগেছে তার ছোঁয়া। এবার এখানে ছবি মুক্তির আগে সেই ছবির পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে ফ্যাশন হাউস বিশ্বরঙ।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’। ছবিটি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া ছবিতে রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

ছবির প্রযোজক জয়া আহসান জানান, ‘দেবী’ সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাকের (শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদি) প্রদর্শনী শুরু হচ্ছে ১৬ আগস্ট। বিশ্ব রঙের বিভিন্ন শো রুমে হবে এই প্রদর্শনী। দেশীয় পোশাকশিল্পের প্রেক্ষাপটে এটি ‘দেবী’ ছবির টি আর বিশ্ব রঙের একটি ভিন্ন রূপকল্পের ভাবনা। এখানে সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া ছাড়াও ফ্যাশনপ্রেমীদের চাহিদা অনুসারে এন্ডি, হাফসিল্ক কাপড়ের ব্যবহার রয়েছে। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম আর ‘দেবী’ চলচ্চিত্রের নামলিপিসহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হয়েছে পোশাকের জমিনকে।

বিশ্ব রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘হুমায়ূন আহমেদের “দেবী” উপন্যাসের মতো সব বয়সী মানুষের জন্য বিশ্ব রঙের এই আয়োজনের প্রতিটি পোশাক সংগ্রহে রাখার মতো হবে।’

তিনি জানান, ১৭ আগস্ট বিশ্ব রঙের উদ্যোগে যমুনা ফিউচার পার্কে ‘দেবী’ চলচ্চিত্র নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে।