'দেশ ও মানুষের কথা বলে যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

‘এখনো অপেক্ষায় কত কবিতা, কত নাটক, কত গল্প। করোটির ভেতরে শব্দের কি অবিরাম গুঞ্জন। কলমের গর্ভে এখনো তো আমার রক্ত অফুরান। দৃষ্টিভূমিতে এই দেশ ও এই মানুষেরই দীর্ঘ ছায়া লয়ে আমি আমার লেখার টেবিলে।’ কথাগুলো কবিতার মতো করে বললেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
আশিতম জন্মদিনের দুই দিন আগে গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণের মূল মঞ্চে কবি আরও বললেন, ‘চোখ মেলে চেয়ে আছি লালনের দিকে, তিনি এক শ আঠারো বছর আয়ু পেয়েছিলেন। আমি অপার হয়ে সেই দীর্ঘ জীবনের দিকে তাকিয়ে আছি।’
শুক্রবার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আশিতম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘দৃষ্টিভূমিতে দীর্ঘছায়া’ শিরোনামে আপন উপলব্ধির ভাষণে এ কথা বলেন সৈয়দ শামসুল হক।
অনুষ্ঠানের শুরুতে এই আয়োজনে কবিকে উৎসর্গ করে ‘অনুরাগের পত্র’ শীর্ষক সম্মাননাপত্র পাঠ করেন কবি রবিউল হুসাইন। কবির উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি রফিক আজাদ ও হাবীবুল্লাহ সিরাজী। কবিতা পরিষদের সভাপতি কবি মুহম্মদ সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
সৈয়দ শামসুল হক বলেন, ‘আমার কাছে নক্ষত্র বিকশিত মহাবিশ্বকে অনুভব করে লিখতে লিখতে স্বর্গের মন্দাকিনীর দিকে যাত্রা, আমার এ পদ যুগ ছাড়া আর কিছু সত্য নয়। আমার আমাদের সামান্য ক্ষণিক জীবনে রচনা করতে চাই স্বর্গ। মানুষকে আমি ময়লা জামায় বলি ফেরেশতা, তার সকল মালিন্য মুছে, শরীরে আমার যুদ্ধের রক্তের অবলেপ নদীজলে ধুয়ে আমি স্বর্গীয় হয়ে উঠতে চাই।’

সৈয়দ শামসুল হক আরও বলেন, ‘কবিতার ধ্বনি সংগীতে, নাটকের আলো আঁধার মঞ্চে, গল্পের অবিরাম বয়নে, এই দেশ ও মানুষের কথা বলে যাব— আর সোনার বাংলা স্বপ্নের বাংলা সংগ্রামী বৃহৎ​ বাংলার কথাবিতানে কথা আমি বলে গেলেও বিশ্বের সকল মানুষেরই কথন ও রচন তা হয়ে থাকবে, এই আমার সাধনা।’
এর আগে, শীতের বিকেলে জাতীয় সংগীতের সুরে সূচনা হয় এ অনুষ্ঠানের। বাক্‌শিল্পী হাসান আরিফের নির্দেশনায় শ্রুতিঘরের শিল্পীরা আবৃত্তি করেন সৈয়দ হকের দীর্ঘ কবিতা ‘আকবরের জন্য কান্না’। নজরুলের ‘আমায় নহে গো, ভালোবাসো শুধু/ভালোবাসো মোর গান...’ গেয়ে শোনান শারমীন সাথী ইসলাম আর মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রনাথের ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি ...’ গানটি।
কবি রফিক আজাদ তাঁর বক্তৃতায় বলেন, সৈয়দ হক তাঁর প্রিয় কবি, লেখক। তাঁর এক একটি কবিতা দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত করে। তাঁর কবিতা তাঁকে ভীষণ টানে। সৈয়দ হক নিজের জন্মস্থান কুড়িগ্রামকে ‘মনভূমি জলেশ্বরী’ রূপে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে নতুন ভাষা নির্মাণ করে সব শাখাকে উন্নত করেন। কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, তিনি বাংলা সাহিত্যের শৈত্যপ্রবাহকে উষ্ণতা দিয়েছেন। এই কবিকে সারা বিশ্বে মর্যাদা দেওয়া উচিত।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক মুনতাসীর মামুন, কবি কামাল চৌধুরী, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমান, কবি কাজী রোজী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি নূহ উল আলম লেনিনসহ আরও অনেকে। সাংগঠনিকভাবে শুভেচ্ছা জানান জাতীয় জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, রাইটার্স ক্লাবসহ বিভিন্ন সাহিত্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন।