মিনু হক। বিশিষ্ট নৃত্যশিল্পী। তিনি একটি নৃত্যনাট্য নির্দেশনা দিয়েছেন। নাম বিস্ময়ে জাগে প্রাণ। নৃত্য পরিবেশনায় আছেন পল্লবী ড্যান্স সেন্টারের নৃত্যশিল্পীরা। এই প্রতিষ্ঠানের পরিচালক মিনু হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্যটি

‘বিস্ময়ে জাগে প্রাণ’...
পৃথিবী, জল, বায়ু, অগ্নি ও আকাশ—এই পঞ্চভূত হলো সৃষ্টিরহস্য। আর এই সৃষ্টির মধ্যে নিহিত আছে প্রকৃতি। যাকে চালনা করে মন, বুদ্ধি আর অহংকার। এই নিয়েই চলছে ব্রহ্মাণ্ড। এ এক অতি বিস্ময়! এই ভাবনা নিয়েই আমরা তৈরি করেছি নৃত্যনাট্যটি।
অংশ নিয়েছেন যাঁরা...
চিত্রনাট্যটি লিখেছেন দেবাশীষ রায়। মিউজিক তৈরি করেছেন স্বপন পাকরাশি। সংগীত পরিচালনা ও গানের প্রশিক্ষণ দিয়েছেন বুলবুল ইসলাম। গানে কণ্ঠ দিয়েছেন মিতা হক ও বুলবুল ইসলাম। সঙ্গে আছেন আরও অনেকে। নৃত্যনাট্যটিতে আমরা রবীন্দ্রসংগীত ব্যবহার করেছি।
পল্লবী ড্যান্স সেন্টারের আরও কাজ...
বছর দুয়েক আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শাপমোচন মঞ্চে এনেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে ভারতের দিল্লিতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে নৃত্যনাট্যটি মঞ্চস্থ করেছিলাম। বিস্ময়ে জাগে প্রাণ আমাদের দ্বিতীয় প্রযোজনা।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা...
আমি এখন এই সংগঠনের প্রেসিডেন্ট। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে আমরা দেশব্যাপী নৃত্য উৎসব আয়োজন করেছি। দেশের বিভিন্ন জেলা শহরে এই উৎসব শুরু হবে ২৩ এপ্রিল। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ২৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দিনব্যাপী নানা অনুষ্ঠান করব। এই উৎসব বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করবে।
বিনোদন প্রতিবেদক