
দিনাত জাহান। সংগীতশিল্পী। ইদানীং নিয়মিত উপস্থাপনাও করছেন। চ্যানেল আইয়ে আজ দুপুরে প্রচারিত হবে ‘ঘরে ঘরে গানের উৎসব’। এই অনুষ্ঠানে গান করবেন তিনি।
চ্যানেল আইয়ে ‘ঘরে ঘরে গানের উৎসব’...
নিজের গানগুলো করব, কিছু পুরোনো দিনের গান করব, সিনেমার গানও গাইব। দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
আমার ঘরে গানের উৎসব...
আমাদের বাসায় তো গানের উৎসব হয়ই। আমাদের নিজস্ব গণ্ডির কিছু প্রিয় মানুষ আছেন, তাঁরা আসেন। আমরাও তাঁদের বাসায় যাই। রুনা আপা, সুবীরদা, ফাহমিদা আপা, কানিজ আলমাস খান...আমাদের একটা সার্কেল আছে। বাসায় মাসে এক-দুই দিন গানের আসর বসে।
মনে-প্রাণে বিশ্বাস করি...
আমি কী করলাম, সেটাই বড়। মানুষকে জানানোটা বড় ব্যাপার নয়। আমি ‘হিট তারকা’ তকমায় বিশ্বাসী নই।
দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে...
তিন বছর ধরে আমার জীবনের খুব অর্থবহ সময় পার করছি। রাস্তায় বের হলে মানুষ চেনে, শ্রদ্ধা করে। জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সম্মান পাওয়া কঠিন। মানুষের ভালোবাসা আর সম্মান পেলে সেখানে তো দুঃখের স্থান পাওয়ার কথা নয়।
অ্যালবামের খবর...
একটি অ্যালবামের কাজ শেষ। শিগগিরই হয়তো মুক্তি পাবে।
চলচ্চিত্র, অন্যের ঠোঁটে নিজের গান...
গত সপ্তাহেই চারটি সিনেমার গানে কণ্ঠ দিলাম। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি চলচ্চিত্রে আমার গাওয়া একটি গান ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আমাকে রাঙাল যে ‘রাঙা সকাল’...
মাছরাঙা টিভিতে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে পেরে আমি সত্যিই গর্বিত। অনেক কিছু জানতে পারছি, অনেক গুণী মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে। অনুষ্ঠান গুণগত ও তথ্যগতভাবে মানসম্পন্ন হলেই উপস্থাপনা করতে ভালো লাগে।
মো. সাইফুল্লাহ