'দেশ' আসছে দেশে

অতঃপর দেশ ফিরছে বাংলাদেশে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে আসছে খ্যাতনামা কোরিওগ্রাফার আকরাম খানের অনন্য একক নৃত্য প্রযোজনা দেশ । আগামী ১৮-১৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হবে দেশ।
গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক... বাংলাদেশে নব্বইয়ের গণঅভ্যুত্থানের গগনবিদারী আহ্বান। গণমানুষের স্বাধিকার, মুক্তিসংগ্রামের চাওয়া, মৃত জনকের মাতৃভূমি, পূর্বসূরির শিকড়ের খোঁজ আর বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটের মহাকাব্যিক রূপ নিয়ে আকরাম খানের লরেন্স অলিভারজয়ী প্রযোজনা ‘দেশ’। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আকরামের ‘দেশ’ যুক্তরাজ্যের সেরা নতুন নৃত্য প্রযোজনা হিসেবে পুরস্কার পাওয়ার পাশাপাশি চষে বেড়াচ্ছে পৃথিবীর নানা দেশে।
যুক্তরাজ্যের লেস্টারের কার্ভ থিয়েটার ও ফ্রান্সের এমসি২ ভেন্যুতে তৈরি সাড়া জাগানো দেশ প্রযোজনাটির প্রথম প্রিমিয়ার হয়েছিল লেস্টার শহরেই; যেখান থেকে কোরিওগ্রাফির আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার আবির্ভাবের কথা জানান দিয়েছিলেন আকরাম।
দেশ নিয়ে বাংলাদেশ সফর প্রসঙ্গে আকরাম প্রথমেই কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজনাটির নেপথ্যে কাজ করা অস্কারজয়ী চীনা ভিজ্যুয়াল শিল্পী টিম টিপ। দেশের সেট ও পোশাক ডিজাইন করেছেন তিনি। সংগীত পরিকল্পনাকারী আরেক অলিভারজয়ী কম্পোজার জ্যুসলিন প্যুক এবং প্রযোজক ফারুক চৌধুরীসহ প্রযোজনা-সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় আকরাম খান আরও জানান, ‘বাংলাদেশে যাচ্ছে দেশ, আমার কাছে সেটি অন্য রকম অনুভূতি। জন্ম বাংলাদেশে না হলেও দেশের কিংবা শেকড়ের প্রতি টান কম, তা কিন্তু নয়; আমার পরিবার দেশের বাইরে থাকলেও বড় হয়েছি বাংলাদেশকে ভালোবাসার মাঝেই। আমার ভালোবাসা, রাগ আর ক্ষোভের মাঝেই ব্যক্তিগত প্রথম প্রযোজনা “দেশ”। এমন অস্থির বাংলাদেশ আমরা কখনও চাইনি; নতুন প্রজন্মও কি চায়? এত ঐশ্বর্য, সম্ভাবনার বাংলাদেশ!। দীর্ঘদিন ধরে প্রযোজনাটি নিয়ে বাংলাদেশ সফরের কথা চলছিল। ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা, দেশকে বাংলাদেশে প্রদর্শনের সুযোগ তৈরি করার জন্য। মুখিয়ে আছি দেশ বাংলাদেশ সফরের জন্য।’
২০০৫ সালে নৃত্যে অবদানের জন্য মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাব পান আকরাম। লন্ডন অলিম্পিকে তাঁর নৃত্যশৈলী দেখেছে পুরো বিশ্ব।