'দেশ' নিয়ে সিনেমা হবে: আকরাম খান

সমকালীন নৃত্যে বিশ্বসেরাদের একজন তিনি। কত্থক ও পশ্চিমা ঘরানার নাচের মিশ্রণ তাঁর নাচের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান সম্প্রতি তাঁর ‘দেশ’ পরিবেশনা দিয়ে মুগ্ধ করে গেলেন ঢাকার দর্শককে। লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব পারফর্মিং আর্টস সম্মাননা জয়ী এই শিল্পী কথা বলেছেন তাঁর জীবনের নানা দিক নিয়ে।
আপনি এর আগেও একবার বাংলাদেশে পারফর্ম করেছেন। সেটি ছিল কাশ-এর পরিবেশনা। দুই সময়ের মধ্যে কোনো পার্থক্য কি দেখতে পান?
বেশ বড় ধরনের পরিবর্তন আমি দেখি। (২০০৪ সালে) ঢাকায় যখন ‘কাশ’ মঞ্চস্থ হয়, তখন সমকালীন নৃত্য নিয়ে মানুষ খুব সরব ছিল মনে হয়নি। এখন সময়টা পাল্টেছে। অনেক মানুষ এখন এটা নিয়ে ভাবছে, কথা বলছে। পৃষ্ঠপোষকতা পেলে আর পরিকল্পনামতো এগোলে এ দেশের নাচ অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস।
ষাটের দশকে আপনার বাংলাদেশি মা-বাবা ইংল্যান্ডে বসবাস শুরু করেন। আপনি বড় হয়েছেন ইংল্যান্ডের উইম্বলডনে। কেমন ছিল সে সময়টা?
ওটা একটা কঠিন সময় ছিল। আর বর্ণবাদের দিক থেকে বলতে গেলে তো অবশ্যই। কিশোর বয়সেই অনেক খারাপ কিছু আমি দেখেছি। সাদা লোকদের সঙ্গে সে সময়ে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল এটা বলা যাবে না। আমাদের গ্যারেজে আমি নাচ অনুশীলন করতাম। তবলাও বাজাতে পারতাম ভালো। সে সময়ে অনেকে ভাবত, নাচ শুধুই একটা ‘মেয়েলি’ ব্যাপার। এরপর স্কুলে একটা নাচের প্রতিযোগিতা হলো। আমি প্রথম পুরস্কার জিতলাম। স্কুলের সবাই আমাকে চিনে ফেলল।
গার্ডিয়ান পত্রিকার একটা লেখায় পড়ছিলাম, কিশোর বয়সে আপনি আপনার বাবার রেস্তোরাঁয় কাজ করতেন। কী ধরনের কাজ ছিল সেখানে?

বাবার রেস্তোরাঁয় আমি ছিলাম বেয়ারা। কারণ, আমি রান্না জানতাম না। বাবার প্রতিষ্ঠানে কাজ করাটা মোটেও সুখকর কিছু নয়।
এ জন্যই কি আপনি পরে আকরাম খান কোম্পানি নামে নিজের প্রতিষ্ঠান তৈরি করেছেন?
হা হা, বলতে পারেন।
পিটার ব্রুকের ‘মহাভারত’ই কি আপনার জীবনের টার্নিং পয়েন্ট?
অবশ্যই। তখন আমার বয়স মোটে ১৪। অসাধারণ একটা ঘটনা ছিল সেটা। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা ছিল খুব দুর্লভ একটা সুযোগ। এ রকম সুযোগ লাখে একটা মেলে। পিটার ব্রুকস পথিকৃৎ পর্যায়ের একজন। আমি সৌভাগ্যবান। জীবনে ঠিক সময়ে ঠিক মানুষগুলোর দেখা আমি পেয়েছি। পিটার আমাকে পরে নানাভাবে প্রভাবিত করেছেন।
‘দেশ’ নিয়ে একটা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি হয়েছে দ্য সিক্স সিজনস নামে। সেখানে আপনাকে আমরা দেখি মোটরসাইকেলে চেপে খুলনা শহরে চক্কর দিচ্ছেন।
মোটরসাইকেলটা আমার নিজের ছিল না। আমার মনে হয়, কেউ ওটা আমাকে ধার দিয়েছিল। সেবার প্রচুর মানুষের সঙ্গে আমি দেখা-সাক্ষাৎ করেছি। নারায়ণগঞ্জে একটা শিপইয়ার্ডে গিয়েছিলাম। সেখানে মানুষজন হাতুড়ি পেটাচ্ছিল। হাতুড়ি পেটানোর শব্দের মধ্যে অদ্ভুত একটা ছন্দ আমি খুঁজে পেয়েছিলাম। ২০১০ সালের কথা সেটা। শুধু খুলনা নয়, বেশ কিছু জায়গা আমি সেবার ঘুরেছি।
কাইলি মিনোগের মতো বিশ্বখ্যাত সংগীত তারকার সঙ্গে আপনি একমঞ্চে কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
ঠিক একমঞ্চে নয়। আমার পরিবেশনাটা ছিল পর্দায়। মানে আগেই ধারণ করা। কাইলি খুবই চমৎকার একজন মানুষ। খুবই সোজাসাপ্টা আর বিনয়ী। তাঁর মধ্যে কোনো পপস্টারসুলভ ব্যাপারস্যাপার নেই। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন একটা সময়। আমার সঙ্গে শেষবার দেখা হয়েছে লন্ডনের একটা অনুষ্ঠানে। ওটা কাইলির ঘরোয়া একটা অনুষ্ঠান ছিল। কাইলি মিনোগ বা জুলিয়েত বিনোশের (অস্কার বিজয়ী ফরাসি অভিনেত্রী) সঙ্গে যে ধরনের কাজ আমি করেছি, সেটা আসলে পুরোপুরি বিনোদননির্ভর কাজ। আর দেশ আমি মনে করি শৈল্পিক পরিবেশনা।
জুলিয়েত বিনোশের সঙ্গে আমার কথা হয়েছিল গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে। তিনি আপনার ব্যাপারে খুব উচ্ছ্বসিত ছিলেন। সেটা নিয়ে প্রথম আলোর ছুটিরদিনে একটা প্রচ্ছদ রচনাও আমরা ছেপেছি৷
ওই লেখাটা আমি পড়েছি। আমি বাংলা পড়তে পারি, যদিও খুব ধীরে পড়তে হয়। ‘ইন-আই’ নামের পরিবেশনাটা আমি আর জুলিয়েত বিনোশ একসঙ্গে করেছিলাম। জুলিয়েত বিনোশ সিনেমা অভিনেত্রী হওয়ার কারণে ওই শোতে প্রচুর সিনেমার লোকজনকে আমরা দর্শক হিসেবে পেয়েছিলাম।
‘ইন-আই’তে বেশ ঘনিষ্ঠ একটা চুমুর দৃশ্য ছিল আপনাদের দুজনের।
আমরা সবাই পেশাদার শিল্পী। সুতরাং ওটা আলাদা করে বলার মতো কিছু নয়। আমি অভিনেত্রী হিসেবে জুলিয়েতকে পছন্দ করি। তাঁর কালারস ট্রিলজি (ব্লু, হোয়াইট, রেড,) আমার খুব প্রিয়।
দেশ-এর শিল্প নির্দেশনা দিয়েছেন শিল্প নির্দেশক টিম ইপ। তিনি ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন-এর মতো ছবির শিল্প নির্দেশক। অস্কারও জিতেছেন ওই ছবির কাজের জন্য।
টিম খুবই অসাধারণ একজন শিল্পী। ইচ্ছে থাকার পরও টিম এবার আসতে পারেননি। তিনি সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত। বিশ্বের সব বড় পরিচালকের সঙ্গে তিনি কাজ করছেন। আমি ভাগ্যবান যে তাঁকে আমার দলে পেয়েছি।
সামনে আপনি কী করছেন?
‘দেশ’ নিয়ে একটা কাহিনিচিত্র তৈরির কথা ভাবছি। এটির চিত্রনাট্য লিখবেন খ্যাতিমান ব্রিটিশ চিত্রনাট্যকার জো রাইট। পরিবেশনার চেয়ে সিনেমাটা হবে একদমই আলাদা কিছু। আপাতত এটুকু বলতে পারি। ড্যানি বোয়েলের (স্লামডগ মিলেয়নিয়ার ছবির পরিচালক) সঙ্গেও একটি ছবি করার ব্যাপারে আলাপ চলছে।
বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পীদের কি আপনি কিছু বলতে চান?
আমি বরং তাঁদের কাছ থেকে শুনতে চাই। তাঁদের কাছ থেকে শিখতে চাই। নৃত্যশিল্পী হিসেবে আমি খুবই ভাগ্যবান। মা-বাবার সমর্থন আমি পেয়েছি। অবকাঠামোগত সমর্থনও আমার ছিল। সেটা হয়তো বাংলাদেশে সবাই পায় না।
আরও পড়ুন