'দৌড়ের ওপর আছি'
ক থো প ক থ ন: বাপ্পা মজুমদার। সংগীতশিল্পী। এই মুহূর্তে তিনি দারুণ ব্যস্ত ক্রিকেট ও দেশের গান নিয়ে। পাশাপাশি চলছে নিজের নতুন-পুরোনো গান নিয়ে বেস্ট অব বাপ্পা মজুমদার অ্যালবাম তৈরির কাজ

‘ধনধান্য পুষ্পভরা’...
দ্বীজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি নতুন সংগীতায়োজন করেছি। শুরুতে ভেবেছিলাম গানটিতে ২০ জন শিল্পী কণ্ঠ দেবেন। কিন্তু ১৫ জন গেয়েছেন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওতে শিল্পীরা অংশ নিয়েছেন। গানটির মধ্য দিয়ে মানুষের মনের দেশাত্মবোধটাকে আবার জাগ্রত করার চেষ্টা করেছি। গানটির শিল্পীরা হলেন সাবিনা ইয়াসমীন, পিলু খান, নকীব খান, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, ফুয়াদ আল মুক্তাদির, চাঁদনী, এলিটা, কোনাল, জোহাদ, জয়, পারভেজ, ব্যান্ড শূন্য আর আমি।
বাঙালির জয়...
এবার স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত। সৈয়দ শামসুল হকের লেখা ‘বাঙালির জয়’ গানটি ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ আয়োজনের থিম সং হিসেবে ব্যবহার করা হবে। গানটি আমার জীবনে অন্য রকম একটি ঘটনা হয়ে থাকবে। আজ মঙ্গলবার থেকে বিভিন্ন টিভি চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রচার হওয়ার সম্ভাবনা আছে। ‘বাঙালির জয়’ গানের শিল্পীরা হলেন সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, এলিটা, কোনাল এবং আমি।
‘বেস্ট অব বাপ্পা মজুমদার’...
আমার নতুন ও পুরোনো ৩২টি গান নিয়ে বেস্ট অব বাপ্পা মজুমদার অ্যালবামটি তৈরি করছি। এখানে চারটি অডিও সিডি থাকবে। কাজ প্রায় শেষের দিকে।
আর যা করছি...
নতুন গান নিয়ে ভাবার সময় পাচ্ছি না। দৌড়ের ওপর আছি। তবে কাজের ফাঁকে কিছু স্টেজ শো করছি।