‘দ্য উইংস’ পাখা মেলল গ্যালারি কায়ায়
‘আমি আর পাখা আঁকব না। পাখা বা উইংস নিয়ে এটাই আমার শেষ প্রদর্শনী,’ বললেন মুর্তজা বশীর।আমাদের মনে প্রশ্ন জাগে, কেন তিনি আর পাখা আঁকবেন না? সে প্রশ্নের রেশ মন থেকে মিলিয়ে যাওয়ার আগেই বললেন, ‘না, আরও বিশ-পঁচিশটি আঁকব, কিন্তু সেগুলোর প্রদর্শনী হবে না। এখনো আমার মনে হয়, কালো রঙের ওপর গাঢ় লাল বা হলুদ রং বসিয়ে আরও কিছু পাখার কাজ করতে হবে আমাকে। ওই রংগুলো নান্দনিকভাবে আমাকে টানে।’প্রদর্শনী শুরু হতে তখনো কিছুটা সময় বাকি। উত্তরার গ্যালারি কায়ার একটি ঘরে বসে আছেন শিল্পী। লাল ও কালো রঙের শার্ট আর কালো প্যান্ট তাঁর পরনে। দুই বছর পরই আশিতে পা দেবেন যিনি, তাঁর অবয়বে বয়সের ছাপ কোথায়? এখনো তিনি প্রাণবন্ত, এখনো তাঁর চাউনিতে যৌবনের স্ফুরণ।‘১৯৯৮ সালের জুলাই মাসে প্রথম দুটি পাখা আঁকি। নভেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আঁকি ২৮টি। ১৯৯৯ সালে শিল্পকলা একাডেমীতে ‘উইংস অ্যান্ড আদাস’ নামে আমার একটি প্রদর্শনী হয়। ২০০২ সালে আঁকি ১৯টি। ২০০৫ সালে ১৪টি, ২০০৭ সালে ১৮টি। সে বছরের জুন মাসে হাতে ঘা হয়ে গেল। পরের দুই বছর ছবি আঁকতে পারলাম না। এ বছর আঁকলাম ৩৯টি, তারই ৩৭টি নিয়ে এখানে প্রদর্শনী হচ্ছে।’কতগুলো পাখা এঁকেছেন তাহলে মুর্তজা বশীর? প্রদর্শিত পাখা ছাড়াও টুকরো-টাকরা কিছু কাজ করেছেন, তাই সব মিলিয়ে পাখা সিরিজের ১৩০টি ছবি এঁকেছেন তিনি।‘জানো, আমার “ওয়াল” (দেয়াল) সিরিজে আমি ৯৮টি ছবি এঁকেছিলাম। এরপর আর আঁকিনি। মনে হয়েছে, যা আঁকার এঁকে ফেলেছি। আর আঁকতে গেলে তা হবে নিছক পুনরাবৃত্তি। আমি পুনরাবৃত্তি চাই না।’পাখা সিরিজ তো শেষ হলো, তাহলে এরপর তিনি কী করবেন? সে কথাই তিনি জানালেন প্রদর্শনী উদ্বোধনের সময়। গ্যালারি কায়ার পক্ষ থেকে গ্যালারির পরিচালক গৌতম চক্রবর্তী সবাইকে স্বাগত জানানোর পর মুর্তজা বশীর জানালেন তাঁর পরিকল্পনা। বহু দিন পর আবার ‘ফিগারেটিভ’ ছবি আঁকবেন—এ কথা বলতেই ঢালী আল মামুনের শুরু করা করতালি ছড়িয়ে পড়ল পুরো ঘরে। ঢালী বললেন, ‘এই বয়সে এসে আবার ফিগারেটিভ আর্টের কথা বলছেন, ভাবা যায়?’২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকতার পর্ব ছিল সংক্ষিপ্ত। সে সময় নানা বয়সের মানুষে ভরে উঠেছে গ্যালারি কায়া। বিশিষ্টজনদের মধ্যে চোখে পড়ল সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান, ইনাম আহমেদ চৌধুরী, সাখাওয়াত আলী খান, মুনতাসীর মামুন, রতন মজুমদার, সৈয়দ আবদুল্লাহ খালেদ, শামসুল ওয়ারেস, দিলারা বেগম, কাজী রকিব, মাসুদা কাজী, সুবীর চৌধুরী, রণজিৎ দাশ, ওয়াকিলুর রহমান, ঢালী আল মামুন, শিশির ভট্টাচার্য্য ও নিসার হোসেনকে। মুর্তজা বশীর ছাড়া এই পর্বে বক্তব্য দেন বিশেষ অতিথি কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। উদ্বোধনের আগে প্রদর্শনীর সবগুলো ছবি নিয়ে ‘দ্য উইংস’ শিরোনামে কায়া বুকের পক্ষ থেকে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন মুর্তজা বশীর, এইচ টি ইমাম ও রবিউল হুসাইন। রবিউল হুসাইন বলেন, মুর্তজা বশীরের মতো নিরীক্ষাপ্রবণ শিল্পী বাংলাদেশে খুব কম আছেন। সব সময় তিনি পরিবর্তনের চেষ্টায় মগ্ন থাকেন। এইচ টি ইমাম জানালেন, ছেলেবেলা থেকেই তিনি বকুল ভাই (মুর্তজা বশীর) ও তাঁর পরিবারের সঙ্গে পরিচিত। বললেন, ‘দীর্ঘ পথপরিক্রমার পরও বকুল ভাই আগের মতোই আছেন। তিনি শতায়ু হবেন এবং আরও অনেক চিত্তাকর্ষক সিরিজ উপহার দেবেন।’ এরপর ঘণ্টি বাজিয়ে উদ্বোধন করা হলো প্রদর্শনীর।কেন পাখা নিয়ে কাজ করলেন, তার ব্যাখ্যা করলেন শিল্পী এইভাবে, ‘রংগুলো দেখে তোমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে না? আনন্দ আসছে না মনে? এ-ই তো জীবনের স্পন্দন! চারদিকে ধর্ষণ, হত্যা ইত্যাদির কারণে মানুষ ক্রমেই হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আমি সেই জায়গা থেকে বেরিয়ে জীবনের সেই স্পন্দন শুনতে চেয়েছি, শোনাতে চেয়েছি। আমি জীবনের গান গাইতে চেষ্টা করেছি।’প্রদর্শনীটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে গ্যালারি। সাধারণত কোনো প্রদর্শনী চলে ১০ বা ১৫ দিন। এই প্রদর্শনী চলবে ১৬ দিন। এর কারণ আর কিছুই নয়, ১০ অক্টোবর ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মরগুবা খাতুনের শততম বিবাহবার্ষিকী। বাবা-মায়ের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রদর্শনী চলবে ১৬ দিন।বাউল ও গণসংগীত উৎসববৃষ্টিভেজা বিকেলে বাউল ও গণসংগীতের উৎসব হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের চত্বরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই গতকাল শনিবার এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর।শনিবার সারা দুপুর বৃষ্টির পর বিকেলে কিছুটা কমে এসেছিল বর্ষণ। আর্দ্র আবহাওয়ায় ভালোই জমেছিল গানের উৎসব। ভাওয়াইয়া গান দিয়ে শুরু হয়েছিল গানের পালা। মুস্তাফিজুর রহমান তিনটি ভাওয়াইয়া গান শোনান। এরপর শিল্পী ফকির আলমগীর, সফিউল আলম গণসংগীত; আরিফ রহমান, সময় বড়ুয়া, শাহ জামাল, মাফিয়া রহমান, মাহজাবীন রহমান প্রমুখ লোক ও গণসংগীত পরিবেশন করেন। দলীয় পরিবেশনায় অংশ নেয় উদীচী, ঋষিজ, স্বভূমি, পদাতিক সংগীত দল ও সত্যেন সেন শিল্পী সংস্থা। বাউলগান পরিবেশন করে আলম দেওয়ান ও তাঁর দল।সমর দাস স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমীতে গতকাল স্মরণ করা হলো প্রয়াত সংগীত ব্যক্তিত্ব সমর দাসকে। তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সুরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিল্পী সুবীর নন্দী। একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম ও সমর দাসের ছেলে আর্লিয়ান দাস। পরে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির মধ্য দিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী খুরশীদ আলম। রুমানা ইসলামসহ একাডেমীর নিজস্ব শিল্পীরা সমর দাসের সুর করা একক ও দলীয় সংগীত পরিবেশন করেন।উদীচীর ঢাকা মহানগর সম্মেলনশেষ হলো উদীচীর অষ্টম ঢাকা মহানগর সম্মেলন। শুক্রবার শুরু হওয়া সম্মেলনের সমাপনী দিনে গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ছিল কাউন্সিল অধিবেশন। অষ্টম সম্মেলনে কাজী মোহাম্মদ শীশকে সভাপতি এবং অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন মহানগর কমিটি গঠন করা হয়।