'দ্য এশিয়ান পিচ' জিতেছেন কামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামার আহমাদ সাইমন
কামার আহমাদ সাইমন

‘দ্য এশিয়ান পিচ’ জয়ী হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমন। সিঙ্গাপুরে সম্প্রতি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে এশিয়ার অন্যতম প্রধান চারটি টেলিভিশন জাপানের এনএইচকে, দক্ষিণ কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস তাইওয়ান ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প। আর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় দ্য এশিয়ান পিচের ওয়েবসাইটে।
এশিয়ার নতুন প্রতিভার সন্ধানে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছবি তৈরির জন্য ১৬৪টি প্রস্তাবনা জমা পড়ে। তার মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর ১১টি প্রস্তাবনার পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়। এরপর তা থেকে তিনটি প্রস্তাবনাকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের কামার আহমাদ সাইমন ছাড়া এবারের বিজয়ী আরও দুজন হলেন তাইওয়ানের দা জুং জাঙের এবং ভারতের চৈতি মুখার্জি।
জানা গেছে, তিনটি ছবি তৈরির ব্যাপারে চারটি টিভি চ্যানেল যৌথভাবে অর্থায়ন করবে। ছবি তিনটি তৈরি হওয়ার পর তা পরবর্তী সময়ে প্রতিটি টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ সময়ে দেখানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ছবিগুলোর বিপণন এবং বিতরণের ব্যাপারেও সহায়তা করবে।
কামার তাঁর নতুন ছবির প্রসঙ্গে বলেন, ‘দেশের সাধারণ মানুষের গল্প বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। শুনতে কি পাও!-এর মতো এবারও আমার সেই চেষ্টা থাকবে।’
কামার আহমাদ সাইমনের প্রথম ছবি শুনতে কি পাও! এ বছর এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ ছবির জন্য সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’, ফিল্ম সাউথ এশিয়ায় জুরি পুরস্কারসহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। গত বছর বিশ্বের অন্যতম প্রাচীন প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগের (জার্মানি) ৫৫তম আসরের উদ্বোধনী-ছবি এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্য উৎসব ইডফার (নেদারল্যান্ডস) ২৫তম আসরে আনুষ্ঠানিক ছবির আমন্ত্রণ পেয়েছিল শুনতে কি পাও!।