‘দ্য ক্লাব’ ছবিতে ইমন-নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের ব্যবধানে আবারও নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমন ও নিরব। এ সপ্তাহে ছবিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইমন ও নিরবের চুক্তি হয়েছে। ইমন-নিরবের এবারের ছবির নাম ‘দ্য ক্লাব’। পরিচালক স্বপন আহমেদ।দুই বছর আগে ইমন ও নিরব একসঙ্গে আরটিভি প্রযোজিত ‘এই তো ভালোবাসা’ শিরোনামের একটি ছবিতে প্রথমবার অভিনয় করেন। ছবিটির কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। ছবিটি নিয়ে ইমন ও নিরব দুজনেরই প্রত্যাশা অনেক।ইমন বলেন, ‘“দ্য ক্লাব” ছবির পরিচালকের প্রথম ছবি “লাল টিপ”-এ প্রথম অভিনয় করেছিলাম। ছবিটিতে কাজ করে অনেকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। “দ্য ক্লাব” ছবিটির গল্প অনেক সুন্দর। আশা করি এ ছবিটি সবার ভালো লাগবে।’নিরব বলেন, ‘স্বপন আহমেদের পরিচালনায় বাংলাদেশের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র “পরবাসিনী”তে আমি প্রথম অভিনয় করি। ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই অন্যরকম। ভিন্ন ভাবনার এ ছবিটি নিয়ে আমার স্বপ্ন অনেক। একসঙ্গে আমি আর ইমন অভিনীত ছবি “এই তো ভালোবাসা” নিয়েও আমার অনেক আশা।’নতুন ছবি ‘দ্য ক্লাব’-এর পরিচালক স্বপন আহমেদ জানিয়েছেন, ‘পরবাসিনী’ ছবির নির্মাণ শেষ হলেই ‘দ্য ক্লাব’ ছবির শুটিং শুরু করবেন তিনি।এদিকে ইমন ও নিরব এ দুই বন্ধুকে এবারের ঈদে একসঙ্গে বৈশাখী টেলিভিশনের স্টার আড্ডা নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে। তাঁদের সঙ্গে থাকবেন মোনালিসা ও নিপুণ। স্টার আড্ডা অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে আছেন ফারহানা নিশো।